ক্রীড়া প্রতিবেদক : তাঁকে নিয়ে সবচেয়ে বেশি ভাবনার জায়গা, ফাস্ট বোলিংয়ের চাপ শরীর কতটা নিতে পারছে। নাহিদ রানার মতো গতির ঝড় তোলা বোলারদের ক্ষেত্রে শরীরের যত্নই শেষকথা। ঘুরেফিরে তাই ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্টের’ বিষয়টি সামনে আসেই, এ ধরনের বোলারদের জন্য যার বিকল্প নেই। তবে এসব ক্ষেত্রে নিজের শরীরকে বুঝতে পারার জন্য সেই ক্রিকেটারের ভূমিকাও বেশ গুরুত্বপূর্ণ।
নাহিদ এখন নিজেকে সেই বুঝতে পারাদের দলেই রাখেন। গতকাল রংপুর রাইডার্সের অনুশীলনের ফাঁকে এই তরুণ ফাস্ট বোলার সংবাদমাধ্যমকে শুনিয়েছেন নিজেকে বুঝতে পারার কথাই।
ওয়ার্কলোড সামলানোর ক্ষেত্রে তাই নিজের শরীরের অবস্থা বোঝার দায়িত্ব নাহিদের ওপরই ছেড়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাহিদের কথায়ই সেটি পরিষ্কার, “আগের বছরও কোনো বাধা ছিল না (টানা খেলার ব্যাপারে)।
শুধু বিসিবি বলেছিল, ‘তোমার শরীর কী বলে, সেই অনুযায়ী খেলো।’ এ বছরও কোনো বাধা নেই। তারা বলেছে, ‘তুমি তোমার শরীরটা ভালো বুঝতে পারো। নিজে কতুটুকু নিতে পারবে, সেই অনুযায়ী খেলো।
’ ফিট থাকা এবং শরীরের যত্ন নেওয়ার কথাও বলেছে।” ওয়ার্কলোড ম্যানেজমেন্টের একটি পরিকল্পনাও দেওয়া হয়েছে নাহিদকে, ‘তারা বলেছে এবং পরিকল্পনা দিয়েছে যে আমি কিভাবে কাজ করব কিংবা কোন প্রক্রিয়ায় এগোব।’
গত মৌসুমে তাঁর ওয়ার্কলোড নিয়ে আলোচনার মধ্যেও টানা ম্যাচ খেলেছিলেন নাহিদ। দ্বিতীয় মৌসুমে রংপুরের হয়ে মাঠে নামার অপেক্ষায় থাকা এই ফাস্ট বোলার এবারও টানা ম্যাচ খেলার আশার কথা জানিয়েছেন। নাহিদের এই আশা তৈরি হয়েছে নিজেকে বুঝতে পারা থেকে।
টানা খেলার মতো অবস্থায় আছেন কি না—এমন প্রশ্নে সেটিই বলছিলেন নাহিদ, ‘অবশ্যই আছি (টানা খেলার মতো অবস্থায়)। দুই বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। আমার মনে হয় না একজন পেশাদার খেলোয়াড়ের শরীরের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এত সময় লাগা দরকার। অনেক আগেই আমার সেই সামর্থ্যটি হয়েছে, শরীরও সায় দিচ্ছে।’
গত মৌসুমে রংপুরের হয়ে ১০ উইকেট নেওয়া নাহিদ এবারের বিপিএলে নিজের ব্যক্তিগত লক্ষ্যের কথাও জানিয়েছেন। ভালো খেলাটাই বেশি প্রাধান্য পেয়েছে তাঁর কথায়, ‘আমার একটাই চেষ্টা থাকে, কিভাবে আমার দলকে ম্যাচ জেতাব। মাথায় সব সময় এটাই থাকে। আমার এ রকম ব্যক্তিগত লক্ষ্য থাকে না যে সর্বোচ্চ উইকেটের মালিক হব। দেশের হয়ে খেললে আমার মাথায় এটাই থাকে, যদি দুই উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচ জেতাতে পারি, তাতেই আমি খুশি। যদি আমার মনে হয়, উইকেট না পেয়েও দলের ম্যাচ জেতায় ভূমিকা রাখতে পেরেছি, তা-ও আমি খুশি।’ বিপিএল সামনে রেখে নিজেদের ঘরের মাঠ বসুন্ধরা স্পোর্টস সিটিতে আনুষ্ঠানিকভাবে গতকাল অনুশীলন শুরু করেছে রংপুর। নিজেদের ঝালিয়ে নেওয়ার অংশ হিসেবে আজ রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে দলটি। ম্যাচটি শুরু হবে দুপুর ১২টা ৩০ মিনিটে।