আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা উদযাপন করছে স্বাধীনতার ৫০ বছর পূর্তি। এ উপলক্ষে দেশটির স্বাধীনতা দিবসের সপ্তাহজুড়ে আয়োজন করা হয়েছে নানা উৎসব ও ক্রীড়া অনুষ্ঠান। আর সেই উৎসবের প্রধান আকর্ষণ হতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দল ও তাদের অধিনায়ক লিওনেল মেসির উপস্থিতি।
বৃহস্পতিবার অ্যাঙ্গোলায় পৌঁছাবে আর্জেন্টিনা দল, শুক্রবার লুয়ান্ডার ঐতিহাসিক ‘১১ নভেম্বর স্টেডিয়ামে’ মুখোমুখি হবে স্বাগতিক অ্যাঙ্গোলার বিপক্ষে।
প্রীতি এই ম্যাচ আয়োজন করতে দেশটির সরকার প্রায় ১৩ মিলিয়ন ডলার ব্যয় করছে বলে জানা গেছে।
গত বুধবার রাজধানী লুয়ান্ডার রিপাবলিক স্কয়ারে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট জোয়াও লরেন্সোসহ শীর্ষ সরকারি কর্মকর্তা ও সামরিক বাহিনীর সদস্যরা।
১৯৭৫ সালের ১১ নভেম্বর পর্তুগালের ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা অর্জন করে অ্যাঙ্গোলা।
তবে স্বাধীনতার পরপরই দেশটি দীর্ঘ গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে, যা ২০০২ সালে শেষ হয়।
স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে মেসির আর্জেন্টিনাকে আমন্ত্রণ জানানোকে দেশটির জন্য ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে অভিহিত করেছে অ্যাঙ্গোলার ক্রীড়া মন্ত্রণালয়। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচটিকে ঘিরে ইতোমধ্যেই রাজধানীজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।