বিনোদন

আইযুব বাচ্চু'র গান বিকৃত করে এ্লবাম " উওরাধিকার" প্রত্যাহারের দাবী Voice For AB

কিংবদন্তী আইযুব বাচ্চু'র গান বিকৃত করে সাম্প্রতি প্রকাশিত ট্রিবিউট এলবাম  " উওরাধিকার" প্রত্যাহার এর দাবীতে, বুধবার চট্টগ্রাম নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে Voice For AB একটি আলোচনা সভার আয়োজন করে, উক্ত আলোচনা সভায় Voice For AB এর সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সিদ্ধান্ত গৃহীত হয় আগামী শুক্রবার বিকেল পাঁচটায় চট্টগ্রাম, প্রবর্তক মোড়, আইয়ুব বাচ্চু গিটার চত্বরে চট্টগ্রামের সকল ব্যান্ডের সদস্যগণ এবং গান পিপাসুরা সম্মিলিত হবেন।

 

বক্তব্যে তারা আর ও বলেন,আমাদের দেশের কিংবদন্তি রকস্টার আইয়ুব বাচ্চুর সৃষ্টির মর্যাদা রক্ষা করতে, আমরা একত্রিত হয়েছি কোনো বিরোধিতা করতে নয়,আইয়ুব বাচ্চু শুধু একজন শিল্পীর নাম নয়, তিনি আমাদের সংগীত ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়। তাঁর গান, তাঁর সুর, তাঁর গিটার কোটি মানুষের আবেগ, ভালোবাসা এবং স্মৃতির অংশ। কোনো গুণী শিল্পীর গান নতুন প্রজন্ম গাইবে, কভার করবে-এটাই স্বাভাবিক এবং আমরা সেটিকে স্বাগত জানাই। কিন্তু কভার করার নামে যদি গানের মৌলিক সুর, আবেগ, সংগীতের মান এবং শিল্পের সৌন্দর্য নষ্ট হয়, তাহলে তা শুধু একটি গানকে নয়, একজন কিংবদন্তি শিল্পীর উত্তরাধিকারকেও অসম্মান করে। আমাদের দাবি খুব স্পষ্ট। আইয়ুব বাচ্চুর গান কভার করতে হলে সেই গানের সুর, মেলোডি, সংগীতের গুণগত মান এবং শিল্পমান যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। যারা এই গান পরিবেশন করবেন, তাদের সেই যোগ্যতা, প্রস্তুতি এবং উপযুক্ত চর্চা থাকতে হবে, যাতে গানটি সম্মানের সঙ্গে উপস্থাপিত হয়।

 যদি কোনো প্রকাশিত সংস্করণে এমন ত্রুটি থাকে যা গানকে বিকৃত করে এবং শ্রোতাদের কাছে শিল্পীর কাজকে ভুলভাবে উপস্থাপন করে, তাহলে সেগুলো পর্যালোচনা করে সেই কাজগুলোকে সকল অনলাইন ও অফলাইন প্লাটফর্ম থেকে প্রত্যাহার করতে হবে এবং সংশ্লিষ্টদের এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আমরা কাউকে ছোট করতে চাই না। আমরা শুধু চাই, কিংবদন্তি আইয়ুব বাচ্চুর মতো একজন মহান শিল্পীর সৃষ্টি যেন সম্মান, দায়িত্ববোধ এবং সর্বোচ্চ মান বজায় রেখে পরিবেশিত হয়। আজকের এই প্রতিবাদ কোনো নেতিবাচক আন্দোলন নয়। এটি একজন কিংবদন্তির প্রতি ভালোবাসার প্রকাশ। এটি বাংলাদেশের সংগীতের মান রক্ষার আহ্বান। আসুন, আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি- বাংলা গানের ঐতিহ্য, আমাদের কিংবদন্তিদের সৃষ্টি এবং সংগীতের মর্যাদা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ থাকব।

আমরা বিশ্বাস করি, মরহুম আইয়ুব বাচ্চুর স্মৃতির প্রতি সম্মান জানানো মানে শুধু তাঁর গান কভার করা নয়। একজন কিংবদন্তিকে সত্যিকারের অর্থে সম্মান জানাতে হলে তাঁর আদর্শ, তাঁর সংগীতচর্চা এবং তাঁর সৃষ্টিশীল চেতনাকে এগিয়ে নিয়ে যেতে হবে।

যদি বাচ্চু ভাইয়ের স্মরণসভা, গীটার প্রদর্শনী বা নিম্নমানের কভার তৈরি করার পেছনে অর্থ ও সময় ব্যয় করা হয়, তাহলে সেই একই অর্থ ও উদ্যোগ আরও মহৎ কাজে ব্যবহার করা সম্ভব। আমরা চাই, কিংবদন্তি আইয়ুব বাচ্চুর নামে একটি সংগীত ইনস্টিটিউট, মিউজিক একাডেমি বা স্কুল গড়ে উঠুক, যেখানে নতুন প্রজন্মের গিটারিস্ট, ড্রামার, কিবোর্ডিস্ট, কম্পোজার, সাউন্ড ইঞ্জিনিয়ার ও কণ্ঠশিল্পীরা মানসম্মত প্রশিক্ষণ নিতে পারে। আজ যদি এমন একটি প্রতিষ্ঠান থেকে ১০ জনও প্রকৃত অর্থে দক্ষ মিউজিশিয়ান বের হয়ে আসে, সেটাই হবে আইয়ুব বাচ্চুর প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধাঞ্জলি। কারণ একজন কিংবদন্তির প্রকৃত উত্তরাধিকার তাঁর গানকে বিকৃত করা নয়; তাঁর স্বপ্ন, তাঁর সংগীতের দর্শন এবং তাঁর মানকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।

তাই আমাদের আহ্বান, শুধু আবেগ নয়, স্থায়ী উদ্যোগ নেওয়া হোক। এমন উদ্যোগ নেওয়া হোক, যা আগামী ২০, ৩০ বা ৫০ বছর পরেও বলবে- আইয়ুব বাচ্চু শুধু একজন শিল্পী ছিলেন না, তিনি একটি প্রজন্ম গড়ে দিয়ে গেছেন। আসুন, আমরা প্রতিজ্ঞা করি- আইয়ুব বাচ্চুর গানকে শুধু গেয়ে নয়, তাঁর সংগীত দর্শন ধারণ করে, নতুন প্রজন্মের হাতে তুলে দিয়ে তাঁর উত্তরাধিকার রক্ষা করব। এটাই হবে তাঁর প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।



সম্পর্কিত খবর