আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
শুক্রবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে প্রধান ফটকের (ডেইরি গেইট) সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; ক্যান্টনমেন্ট না রাজপথ, রাজপথ, রাজপথ; আওয়ামী লীগের দালালেরা হুশিয়ার সাবধান ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
সমাবেশের সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ৫০ ব্যাচের শিক্ষার্থী জিয়াউদ্দিন আয়ান।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার আহবায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার গণ-অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করতে পারে নাই। ৫ আগষ্টের পরে কোন যৌক্তিক দাবি আদায়ের জন্য আমাদের আবারো রাজপথে নামতে হবে এটা আমরা কল্পনায়ও ভাবি নাই। আমরা দেখেছি গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের কোন পরিকল্পনা তাদের নেই। এই বক্তব্যকে আমরা প্রত্যাখান করছি সেই সাথে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ইসলামি ছাত্র শিবির জাবি শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, সংগ্রামী ছাত্রজনতা আপনারা দেখেছেন, ৩৬ দিনের দীর্ঘ আন্দোলন শেষে ২০২৪ সালের ৫ই আগষ্ট এদেশের মানুষ আওয়ামী লীগকে নিষিদ্ধের রায় দিয়েছে। স্বৈরাচারী আওয়ামী শক্তি দীর্ঘ ১৭ বছর বাংলাদেশকে একটি আবদ্ধ কারাগারে পরিনত করেছিল। কিন্তু এদেশের তৌহিদী জনতা পরাধীনতার শিকল ভেঙ্গে দিয়ে খুনি হাসিনাকে লাল কার্ড দেখিয়ে পালিয়ে যেতে বাধ্য করেছিল। কেউ যদি দিল্লি থেকে, নয়া পল্টন থেকে বা অন্যকোন জায়গা থেকে প্রেসক্রিপশন এনে এদেশকে চালাতে চায় তাহলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
বায়ান্ন/প্রতিনিধি/একে