কুমিল্লায় ১৩ বছর বয়সী কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারও দ্রুত শেষ হবে।
রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হত্যাকাণ্ডে জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো।
তাদের বয়স নিহত কিশোরের চেয়ে পাঁচ থেকে ১০ বছর বেশি। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি কিছু আলামতও পাওয়া গেছে। মরদেহের ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে। এখন ফরেনসিক অ্যানালাইসিসের কাজ চলছে।