বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাম্প্রদায়িকতার ধোয়া তুলে কট্টর হিন্দুবাদীদের উস্কে দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত চাচ্ছে উপমহাদেশে তাদের আধিপত্য কায়েম করতে।
ভারতের উদ্দেশে তিনি আরও বলেন, আজকে নেপাল আপনাদের সাথে নেই, ভূটান আপনাদের সাথে নেই, শ্রীলংকা আপনাদের সাথে নেই, মালদ্বীপ আপনাদের সাথে নেই, পাকিস্তান তো নেই, বাংলাদেশ ও আপনাদের সাথে নেই। শুধুমাত্র আপনাদের অহংকার এবং একের পর এক শোষণের যে মনোভাব সেই কারণে।
শুক্রবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশানে ভারতীয় পণ্য বর্জনের দাবিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ৫ই আগস্টের আগে এ দেশের রাষ্ট্রক্ষমতায় ছিল ঘৃণিত একটি সরকার। এরা ক্ষমতায় থাকার জন্য নিজ দেশের সন্তানদেরকে হত্যা করতে দ্বিধা করতো না, এরা নিজ দেশের গণতন্ত্রকামী মানুষদেরকে চিরদিনের জন্য নিরুদ্দেশ করতে দ্বিধা করতো না। এরা ক্রসফায়ার দিয়ে নদীর ধারে খালের ধারে মানুষদেরকে নির্দ্বিধায় হত্যা করতো। সেই হাসিনা সরকার আপনাদের (ভারতের) এত প্রিয় ছিল কেন? কারণ আপনাদের সাহসে আপনাদের উস্কানিতে শেখ হাসিনা যা ইচ্ছা তাই করে গেছে এই দেশে।
প্রতিবেশী রাষ্ট্রের উদ্দেশে রিজভী আরও বলেন, আপনারা ভুলে যাবেন না বাংলাদেশের মানুষ অত্যন্ত শ্রম প্রিয়, কষ্ট প্রিয়, পেঁয়াজ-রসুন-আদা তারা নিজেরাই উৎপাদন করতে জানে। আপনারা মনে করেছেন এগুলো বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষের অবস্থা কাহিল হবে। অবস্থা কাহিল হয়েছে আপনাদের। আপনাদের নিউমার্কেটের কোন দোকান চলে না, আপনাদের মার্কেটগুলো বন্ধ হওয়ার উপক্রম।
তিনি বলেন, রিপাবলিক বাংলা বলেছে চট্টগ্রামকে ভারতের অংশ হিসেবে দাবি করা হয়েছে আরো কত মিথ্যা অপপ্রচার চলছে। আমরা বলছি একটি স্বাধীন সার্বজনীন দেশে আপনারা দাবি করলে আমি আগেও বলেছি আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা বিহার উড়িষ্যা আমরা দাবী করবো। এটা তো আমাদের ন্যায্য পাওনা।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-সম্পাদক অমলেন্দু দাস অপু, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল কবির, ছাত্রদল নেতা তৌহিদ আওয়াল, রাজু আহমেদসহ আরও অনেকে।
বায়ান্ন/এসএ