দেশের খবর

আন্দোলনকারি ছাত্র জনতা কে লক্ষ্য করে গুলি ছোড়েঁন, তাদের বাড়ি-ঘর হামলা ভাংচুর লুটপাট করেন সার্কেল এসপি শহিদুল

দিনের বেলায় আন্দোলনকামী ছাত্র জনতাকে লক্ষ্য করে নিজেই অস্ত্র হাতে খুব কাছ থেকে গুলি ছুঁড়তেন। কেউ গুলিবিদ্ধ হয়ে পড়ে গেলে পাখি শিকারের মতো বলতেন, দেখতো উইকেট পড়ছে কি না। আর সন্ধ্যা নামলেই তার আতংকে কাপঁতো সাভার। উদ্বেগে জবুথবু হয়ে থাকতেন অনেকেই।

বিশেষ করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ছাড়াও আন্দোলনকারীরা ঘুমাতে পারতেন না। রাত গভীর হতো আর নেমে আসতো ভয়ানক এক আতংক। সেই আতংকে থেকে রেহাই পেতেন না শিশু থেকে নারী কিংবা বৃদ্ধরাও। হাতে পায়ে ধরে আকুতি মিনতি করেও রক্ষা ছিলো না।

বাড়িতে ঢুকে ভাংচুর তো করতেনই তার সাথে পাল্লা দিয়ে চলতো লুটপাট। টিভি থেকে ফ্রিজ- ভেঙে করা হতো তছনছ। সটানে ছিনিয়ে নেয়া গৃহকর্তীর গলার চেইন। চলতো নগদ অর্থ ও স্বর্নালংকার লুটের মহোৎসব। আর সোফা থাকলে তো কথাই নেই। গদির বুকে ধারালো ছুরির ফলা বসিয়ে করা হতো ফানাফানা। এভাবেই পৈশাচিক উল্লাশে মেতে উঠতেন তিনি।

তিনি আর কেউ নন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম। বিসিএস ৩১ ব্যাচের এই কর্মকর্তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাভারে আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশের গুলিবর্ষনে ৭০ জনের বেশি নিরীহ মানুষ হত্যাকান্ডের ঘটনার পাশাপাশি আন্দোলনকারী থেকে শুরু করে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়ি বাড়ি হামলা, ভাংচুর লুটতরাজ ও মহিলাদের লাঞ্ছনার একের পর এক অভিযোগ আসছে অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলামের বিরুদ্ধে।

এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ভাই যা করেছি সিনিয়র স্যারদের হুকুমেই করছি। আমাকে বলা হয়েছে, যেভাবে ওরা (আন্দোলনকারীরা) গাড়ি ও অফিস ভাঙে ঠিক সেভাবেই ওদের বাড়িঘরে গিয়ে তছনছ করে দিয়ে আসবা। আমি তো ভাই হুকুমের গোলাম। আমার কোনো দোষ নাই।

সাভারে অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলামের বেপরোয়া দুর্নীতি, অনিয়মের এমন অসংখ্য ঘটনা এখন মানুষের মুখে মুখে।

পাখির মতো গুলি করে শিক্ষার্থীদের মারার অভিযোগে শাহিদুল ইসলামসহ পুলিশের বিচারের দাবিতেও সোচ্চার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর বাইরে বাড়ি বাড়ি গিয়ে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা নিয়েও সরব হয়েছেন অনেকেই।

সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহমান উন্নত চিকিৎসার জন্য গত ১৫ জুলাই পাড়ি জমান থাইল্যান্ডে। অথচ তিনি নিজে উপস্থিত থেকে গাড়ি পুড়িয়েছেন ভাংচুর করেছেন এমন অভিযোগে কেবলমাত্র সাভার মডেল থানাতেই ৫টি নাশকতার মামলায় আসামি করা হয় তাকে।

কাউন্সিলর আব্দুর রহমানের স্ত্রী দিলরুবা রহমান রুমি জানান, ছোট বাচ্চারা যখন ঘুমাতে চাইতোনা, তখন ভয় দেখিয়ে তাদের ঘুম পাড়ানোর কৌশল হিসাবে মা ছড়া বলত, "খোকা ঘুমাল পাড়া জোড়াল, বর্গী এলো দেশে, বুলবুলিতে দান খেয়েছে, খাঁজনা দিবে কিসেৃ" অথবা কোন রাক্ষস-খোক্কসের গল্প শোনাত।

অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলামের বাড়ি বাড়ি হামলা, ভাংচুর আর লুটতরাজ আমাদের কাছে সেই গল্পের মতো ছিলো ভয় আর আতংকের।

তার লাঞ্ছনার হাত থেকে রেহাই পেতে আমি ২ সন্তান নিয়ে নিরাপদে চলে যাই। ২২ জুলাই দিনটি ছিলো রোববার। প্রতিবেশিদের সিসি ক্যামেরার দৃশ্য মতে, সেদিন রাতে অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ আমার পৌরসভার মজিদপুর চুঙ্গির পাড় এলাকার বাসা যায়। তালা ভেঙে তারা বাসার ভেতরে ঢোকে। প্রথমেই ভেঙে গুড়াগুড়া করে দেয় সিসি ক্যামেরার ডিভিআর। চুর্ন বিচূর্ণ করা হয় চারপাশের গ্লাস, টিভি, আলমারী, ওভেন, আসবাবপত্র, সন্তানদের ২টি ল্যাপটপ। আলমারী ভেঙে লুট করে নগদ ৪০ হাজার টাকা ও ৫০ ভরির মতো স্বর্নালংকার।

পরের শুক্রবার একটি বিয়েতে অংশ নেবো বলে ব্যাংকের লকার থেকে গহনাগুলো আনিয়েছিলাম। সব লুটে নিয়েছে। বিশ্বাস করবেন না, ফ্রিজে থাকা রান্না করা খাবারগুলোও খেয়ে নেয় তারা।

আচ্ছা পুলিশ যদি ডাকাত হয়- তাহলে আর কার কাছে আশ্রয় চাইবো। উনার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। ঠিক আছে। তাই বলে শেখ হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগ সাজতে হবে তাকে! এভাবে বাসা বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করবেন?’ আক্ষেপ করেন এই গৃহবধু।

একই অভিজ্ঞতার কথা বলেন সাবেক সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) শহিদুল্লাহ কাউসার। তিনি জানান, বড় মেয়ে কাউসার হাবিবার স্বামী ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক খোরশেদ আলম। এই অপরাধে গত ২১ জুলাই দিনে দুপুরে বিকেল ৩টার দিকে পুলিশের গাড়ি বহর আসে আমাদের মহল্লায়।

এক পর্যায়ে পুলিশ সদস্যরা আমার সি ৯/৭ বাড্ডা ছায়াবিথীর বাসায় ঢুকে ৪/৫ রাউন্ড গুলি ছোঁড়ে। নিজ তলা ওপর তলার সব জানালার কাঁচ, প্রাইভেট কার, ভাড়াটিয়াদের ৫টি মোটরসাইকেল, ২টি ফ্রিজ, ৩টি এসি, টিভি আসবাবপত্র ভেঙে তনছন করা হয়। লুটপাট করা হয় ব্যাংক থেকে ওঠানো ব্যবসার জন্য রাখা নগদ ২৯ লাখ টাকা, গাড়ি বিক্রির ৩ লাখ ২০ হাজার টাকা, দোকান ভাড়ার ৫০ হাজার ৮০০ টাকাসহ ২টি সোনার চেইন, ৫টি মোবাইল। নিজ তলা ওপর তলার হাইকমোড, বেসিন, পানির কল কিছুই অক্ষত রাখেনি।

কার কাছে বিচার দেবো। আল্লাহ ছাড়া আমাদের আর কেই বা ছিলো। তবে বলতে পারেন ৫ আগষ্ট বিচার পেয়েছি।

বিএনপি নেতা ও সাভার সিটি সেন্টারের দোকান মালিক সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি চিকিৎসার জন্যে হাসপাতালে ভর্তি হন ১৮ জুলাই। অথচ নাশকতার বিভিন্ন মামলায় তিনি নিজে উপস্থিত থেকে নেতৃত্ব দিয়েছেন, গাড়ি পুড়িয়েছেন মর্মে তাকে সাভার মডেল থানার বিভিন্ন মামলায় আসামী করা হয়।

ওবায়দুর রহমান অভি জানান, অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম বাড়ি বাড়ি যান আর ভাংচুর করেন- এমন ভয় দেখিয়ে জাহিদ হোসেন জুয়েল নামে এক সোর্স তার পরিবারের সদস্যদের কাছ থেকে ৫ লাখ টাকা নেন।

অথচ টাকা দিয়েও আমার বাড়ি রক্ষা হয়নি। ওবায়দুর রহমান অভির স্ত্রী মাসুমা আক্তার সরকার শিউলী জানান, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলামের ভয়ে আমরা থেকে থেকেই নিরাপদে চলে যাই। অথচ তার নেতৃত্বেই ২৩ জুলাই রাতে সিটি সেন্টারের ১১ তলায় আমার বাসার তালা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। তারা মূল্যবান ঝাড়বাতি, জানালার গ্লাস, টেবিলের গ্লাস, ৪টি টেলিভিশন, ফ্রিজ নির্বিচারে ভেঙে তছনছ করে। লুটপাট করে বাড়িটি উদাম রেখেই চলে যায়।

এ ধ্বংসাবশেষ দেখে আমার ২ কন্যা ও শিশু পুত্র সন্তান এখনো ভয়ে শিউরে ওঠে। ওরা বলে, মা মা এই বাড়ি ছেড়ে চলে যাই। আবার পুলিশ এসে যদি আমাদের পেয়ে মেরে ফেলে- বাচ্চাদের চোখে মুখে তাকানো যায় না- কি ভয় আর আতংক। বলে বোঝাতে পারবো না।

এসব বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দোহাই দিয়ে অভিযোগের বিষয়ে এড়িয়ে যান।



সম্পর্কিত খবর