চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে দেশের তৈরি পোশাক শিল্প। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক জরিপে দেখা গেছে, গত ১ থেকে ১৮ নভেম্বর- এই ১৮ দিনে ৩১৭টি কারখানার ক্ষতি ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার।
পাশাপাশি ক্রেতাদের আস্থা সংকটে ২৫৪ মিলিয়ন ডলারের নিশ্চিত অর্ডার অন্য দেশে সরে গেছে।
গত চার দিন সদস্য কারখানাগুলোর ওপর পরিচালিত এক জরুরি জরিপ শেষে রোববার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিএমইএ।
বিজিএমইএ জানায়, উৎপাদন বন্ধ ও আর্থিক ক্ষতির কারণে ৩১৭টি কারখানা ১৮ দিনে সর্বনিম্ন ১ দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে সরাসরি ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি হয়েছে।
একইসঙ্গে সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অনেক অর্ডার ঝুঁকিতে পড়েছে। রপ্তানি আদেশ ধরে রাখতে কারখানাগুলোকে ব্যয়বহুল এয়ার শিপমেন্ট ও বড় অঙ্কের মূল্যছাড়ের চাপ নিতে হচ্ছে; অনেক ক্ষেত্রে অর্ডার বাতিলও হচ্ছে।
জরিপে অংশ নেওয়া কারখানাগুলোর তথ্যের বরাত দিয়ে বিজিএমইএ জানায়, ক্রেতারা ইতোমধ্যে নিশ্চিত অর্ডার থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছে, যার বাজারমূল্য ২৫৪ মিলিয়ন ডলার।
বিজিএমইএ জানিয়েছে, এই পরিসংখ্যান প্রকৃত ক্ষতির একটি খণ্ডচিত্র মাত্র। তাদের হিসাবে ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি, কিন্তু স্বল্প সময়ের জরিপে ৩১৭টি কারখানা তথ্য দিতে পেরেছে। তা ছাড়া জরিপের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত থাকলেও শিল্পাঞ্চলে অস্থিরতা এখনো চলমান থাকায় সামগ্রিক ক্ষতি আরও বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিজিএমইএ বলছে, তাৎক্ষণিক আর্থিক ক্ষতির চেয়েও বড় আঘাত এসেছে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক খাতের দীর্ঘমেয়াদি ভাবমূর্তি ও নির্ভরযোগ্যতার ওপর। দেশের অর্থনীতি ও লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে সংকট থেকে দ্রুত উত্তরণে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছে সংগঠনটি।