জাতীয়

আবু সাঈদ হত্যাকাণ্ড: ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

ছবি: সংগৃহীত

জুলাই মাসের গণঅভ্যুত্থান চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় ৪ আসামিকে আগামী ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার।  

রোববার (২ মার্চ) ট্রাইব্যুনাল এ আদেশ প্রদান করেন এবং একই সঙ্গে তদন্ত প্রতিবেদন ৯ এপ্রিলের মধ্যে দাখিল করার নির্দেশও দেওয়া হয়।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে তদন্ত প্রতিবেদন চলতি মাসেই জমা দেওয়া হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। 

প্রসিকিউশনের দাবি, এই ঘটনায় সরাসরি জড়িত ছিলেন সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। এছাড়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম এবং ছাত্রলীগ কর্মী এমরান চৌধুরী আকাশসহ আরও অনেকে হত্যাকাণ্ডের পেছনে ইন্ধন দিয়েছিলেন।

অন্য মামলায় গ্রেপ্তার থাকা ওই আসামিদের এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানায় প্রসিকিউশন।

বায়ান্ন/একে



সম্পর্কিত খবর