চট্টগ্রাম প্রতিদিন

আলীকদমে এসএসসি পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারি

বান্দরবানের আলীকদমে এসএসসি পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় ২০০ গজ এলাকার মধ্যে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হতে যাওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি অনুযায়ী এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

 

সোমবার (২০ এপ্রিল) আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আলম এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশ জারি করেন। আদেশে বলা হয়েছে, আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে সকল ধরনের সভা-সমাবেশ, আগ্নেয়াস্ত্র বহন, শব্দ উৎপাদনকারী যন্ত্র ব্যবহার এবং ফটোকপি মেশিন চালনা সম্পূর্ণ নিষিদ্ধ।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম জানান, “পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এবং অপ্রীতিকর জনসমাগম এড়াতে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারার বিধান মতে এই আদেশ দেওয়া হয়েছে। প্রতিদিন পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে থেকে শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।”

 

নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। তবে পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বাভাবিক চলাচলকারী যানবাহন এই আদেশের আওতামুক্ত থাকবে। ইতিমধ্যে চিহ্নিত এলাকা লাল পতাকার মাধ্যমে নির্দিষ্ট করার নির্দেশনা দেওয়া হয়েছে।



সম্পর্কিত খবর