শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের লক্ষ্যে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে কিশোরকণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষা। শুক্রবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত এ পরীক্ষায় জেলার প্রায় ৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এ বছর পঞ্চগড় জেলার মোট ৬টি কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো— পঞ্চগড় মকবুলার রহমান (এমআর) সরকারি কলেজ, তেঁতুলিয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, ভজনপুর ডিগ্রি কলেজ, বোদা উপজেলার ময়দানদীঘি বিএল উচ্চ বিদ্যালয়, আটোয়ারী উপজেলার আটোয়ারী সরকারি কলেজ এবং দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ সরকারি কলেজ।
শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে এ পরীক্ষার আয়োজন করে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, পঞ্চগড় জেলা শাখা।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা সভাপতি রাশেদ ইসলাম জানান, “আমরা শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন ও মনন বিকাশের লক্ষ্যেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করেছি। এই উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি।”
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম জেলা শাখার সাবেক পরিচালক আবুল বাশার বসুনিয়া বলেন, “প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধা যাচাই ও তাদের ইতিবাচক মনন বিকাশের উদ্দেশ্যেই প্রতিবছর এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।”