বান্দরবানের আলীকদমে নারী পর্যটকের মৃত্যুর ঘটনায় ভ্রমণভিত্তিক ফেসবুক গ্রুপ “ট্যুর এক্সপার্ট”-এর অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ জুন), নিহত স্মৃতি আক্তারের পিতা মো. হাবিবুর রহমান বাদী হয়ে আলীকদম থানায় মামলা (নম্বর: ০৩, তারিখ: ১৪/০৬/২০২৫, ধারা: ৩০৪ (ক), পেনাল কোড) দায়ের করার পর বর্ষা ইসলামকে গ্রেপ্তার দেখানো হয় বলে নিশ্চিত করেন আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ফেসবুক গ্রুপ “ট্যুর এক্সপার্ট”-এর অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টি যশোর জেলার চৌগাছা থানার জগদীশপুর ইউপির আড়পাড়া, ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এজাহারে উল্লেখ করা হয়, বর্ষা ইসলাম তার ফেসবুক গ্রুপের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করেই বিভিন্ন ট্যুরের আয়োজন করতেন। তার “ক্রিসতং-রুংরাং সামিট (৩০তম)” ইভেন্টে অংশ নিতে গিয়ে স্মৃতি আক্তার (৮ জুন) আলীকদমের উদ্দেশ্যে রওনা হন। এরপর পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে (১৩ জুন) আলীকদমের তৈন খালের মোড় থেকে স্মৃতি আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, বর্ষা ইসলাম প্রশাসনের অনুমতি ছাড়াই মাত্র একজন গাইড (সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা) নিয়ে ৩৩ জন পর্যটকের একটি ট্যুর আয়োজন করেন এবং পর্যটকদের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে কোনো সতর্কতা প্রদান করেননি।
(৯ জুন) তারা দুর্গম রুংরাং-ক্রিসতং এলাকায় যাত্রা শুরু করেন। (১০ জুন) বর্ষা ১২ জন পর্যটক ও গাইডকে নিয়ে খেমচং পাড়া থেকে আন্ধারমানিক ট্রেইলের উদ্দেশ্যে যান।
বাকিদের, যাদের মধ্যে স্মৃতি আক্তারও ছিলেন, অপর্যাপ্ত নিরাপত্তা ও গাইড ছাড়াই মো. হাসান চৌধুরী শুভ-এর মাধ্যমে ঝুঁকিপূর্ণ পাহাড়ি পথ পেরিয়ে আলীকদম সদরে ফেরত পাঠানো হয়।
(১১ জুন) বিকেলে শামুক ঝর্ণা এলাকায় পাহাড়ি ঢলে স্মৃতি আক্তার, মো. হাসান চৌধুরী শুভ এবং শেখ জুবাইরুল ইসলাম নিখোঁজ হন।
পরে (১২ জুন) শেখ জুবাইরুলের মরদেহ এবং (১৩ জুন) স্মৃতি আক্তারের মরদেহ উদ্ধার করা হয়, তবে মো. হাসান চৌধুরী শুভ এখনও নিখোঁজ রয়েছেন।
মামলার বাদী মো. হাবিবুর রহমান দাবি করেন, “ট্যুর এক্সপার্ট”-এর অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টির দায়িত্ব অবহেলা ও অব্যবস্থাপনার কারণে তার কন্যা স্মৃতি আক্তারের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দিন বলেন, > “নারী পর্যটকের মৃত্যুর ঘটনায় ভ্রমণভিত্তিক ফেসবুক গ্রুপ ‘ট্যুর এক্সপার্ট’-এর অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টির বিরুদ্ধে নিহত স্মৃতি আক্তারের পিতা বাদী হয়ে আলীকদম থানায় মামলা দায়ের করেছেন।”