রোববার সকাল ৮টায় মাতামুহুরি ব্রিজ সংলগ্ন নদীতে ফুল বিসর্জনের মধ্য দিয়ে চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের এই প্রধান সামাজিক উৎসব শুরু হয়। নদীর তীরে ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত নারী, পুরুষ ও শিশুরা সমবেত হয়ে পুরাতন বছরের দুঃখ, কষ্ট ও গ্লানিকে বিদায় জানান এবং নতুন বছরকে স্বাগত জানান।
ফুল বিসর্জনের মাধ্যমে তারা প্রকৃতি ও জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনগুলোর জন্য শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। বিজু উৎসব পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসব। এটি পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করার প্রতীকী আয়োজন।
তিনদিনব্যাপী এই উৎসবের বিভিন্ন পর্যায় রয়েছে - ফুল বিজু, মূল বিজু ও গোজ্যাপোজ্যা দিন। আলীকদমের এই উৎসব দেখতে স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও ভিড় পড়েছে। নদীর তীরে উৎসবের আমেজ, ঐতিহ্যবাহী নৃত্য, সঙ্গীত ও খাবারের সমারোহে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।
বিজু উৎসব উপলক্ষে স্থানীয়রা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়াও রয়েছে ঐতিহ্যবাহী খেলাধুলা, মেলা ও অন্যান্য বিনোদনমূলক অনুষ্ঠান। সব মিলিয়ে বিজু উৎসব আলীকদমের মানুষের জীবনে আনন্দ ও উৎসাহ নিয়ে এসেছে।