পটুয়াখালীর বাউফলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও হাটবাজারে নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে ৬০টি গভীর নলকূপ হস্তান্তর করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টায় বাউফলের বগা আবাসিক এলাকায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে এসব নলকূপ হস্তান্তর করা হয়।
হস্তান্তর অনুষ্ঠানে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, “নিরাপদ সুপেয় পানি মানুষের অন্যতম মৌলিক চাহিদা। শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও হাটবাজারে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। এসব স্থানে নিরাপদ পানির ব্যবস্থা না থাকলে শিক্ষার্থী, শিক্ষক, মুসল্লি, পুণ্যার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। মানুষের এই প্রয়োজনীয়তা বিবেচনা করেই ৬০টি গভীর নলকূপ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “এসব নলকূপের মাধ্যমে শিক্ষার্থীরা বিদ্যালয়ে, ধর্মপ্রাণ মানুষ উপাসনালয়ে এবং ব্যবসায়ী ও ক্রেতারা হাটবাজারে সহজে বিশুদ্ধ পানি পান করতে পারবেন। নলকূপগুলো যথাযথভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করা হলে দীর্ঘদিন সাধারণ মানুষের পানির চাহিদা পূরণ হবে।”
অনুষ্ঠানে বাউফল উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, বগা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, বগা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. মুজাহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।