সাভারের আশুলিয়ায় একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বেরন এলাকার নারী ও শিশু হাসপাতালের বিপরীত পাশে পার্কিং করা আশুলিয়া মিনি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। আগুনে বাসের ভেতরের সিট ও ডেকোরেশন পুড়ে গেছে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাসের চালক পিন্টু মিয়া।
তবে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হলে আর্থিক ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানান তিনি। আগুনে পুড়ে যাওয়া আশুলিয়া মিনি পরিবহনের বাসের চালক পিন্টু মিয়া জানান, ভোররাত সাড়ে ৪ টার দিকে বাসটির হেলপার গাড়ি থেকে নেমে ওয়াশরুমে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে দেখে গাড়িতে আগুন জ্বলছে। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন এসে বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, একটি গাড়িতে দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করেছিল। এসময় গাড়ির পেছনে সামান্য আগুন লাগলেও স্থানীয়রা তা নিভে ফেলে। তবে আমাদের টহল পুলিশ সতর্ক অবস্থানে থাকায় দ্রুত ঘটনাস্থলে গিয়ে অগ্নিসংযোগকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। প্রসঙ্গত, রবিবার দিবাগত রাত ১১টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের বটতলা এলাকায় মীর আখতার কন্ট্রাকশনের সামনে পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরবর্তীতে ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকার আরিচামুখী লেনে ইতিহাস নামে একটি পার্কিং করা বাসে ও শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ইউটার্ন এলাকায় পার্কিং করা শ্রমিক আনা-নেওয়ার একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।