ডারউইন টেস্টের চতুর্থ দিনে ইনিংস পরাজয়ের চোখরাঙানি এড়িয়ে দারুণভাবে অজিদের ম্যাচে ফেরান ক্যামেরন গ্রিন। তার পাল্টা প্রতিরোধ ও সেঞ্চুরিতে বাংলাদেশ ইনিংস ব্যবধানে জিততে না পারলেও ঐতিহাসিক টেস্ট জয়ের সুবাস কিন্তু ভালোভাবেই পাচ্ছেন সফরকারীরা।
ঘরের মাটিতে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ধসিয়ে দিয়ে ডারউইনে স্মরণীয় জয় হাসিল করতে নাজমুল হোসেন শান্তর দলের প্রয়োজন মাত্র ৫৭ রান।
প্রথম ইনিংসে স্বাগতিকদের ১৯৮ রানে গুটিয়ে দিয়ে ৪২৬ রানের পাহাড় গড়েছিল বাংলাদেশ। ২২৮ রানের বিশাল ঘাটতি নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে অলআউট হয় অজিরা। ফলে জয়ের জন্য লাল-সবুজের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান।
ইনিংস হার বাঁচিয়ে স্বাগতিকদের ম্যাচে টিকিয়ে রাখা ক্যামেরন গ্রিন একটা সময় টাইগারদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন। তবে সেঞ্চুরিয়ান গ্রিনকে সাজঘরের পথ দেখিয়ে অস্ট্রেলিয়াকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয় বাংলাদেশ।
এরপর মেহেদী হাসান মিরাজ তার ইনিংসে ৫ম উইকেট হিসেবে শেষ ব্যাটার নাথান লায়নকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেললে ২৮৪ রানেই থেমে যায় অজিদের দ্বিতীয় ইনিংস।
এর আগে চতুর্থ দিনে প্রথমবারের মতো বোলিংয়ে এসে বিপজ্জনক হয়ে ওঠা গ্রিনের প্রতিরোধ ভাঙেন হাসান মাহমুদ।