নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্বামীর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে স্ত্রী কহিনুর বেগমের বিরুদ্ধে। আদালতে মামলা করে আইনগত প্রক্রিয়ায় তালাক দিয়েও মিলছে না প্রতিকার। উল্টো তালাকনামা পাওয়ার পর স্বামী জহির উদ্দিনের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর মাধ্যমে জোরপূর্বক বাড়িঘর দখল করে অবস্থান এবং পুকুরের মাছ ও ঘরে থাকা মালামাল লুটের অভিযোগ উঠেছে তালাকপ্রাপ্ত স্ত্রী কহিনুর ও তাঁর স্বজনদের বিরুদ্ধে।
মিথ্যা মামলায় অভিযুক্ত জহিরের মানবেতর জীবন, ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে আদালতপাড়া ও থানা পুলিশের দ্বারে দ্বারে ঘুরলেও মিলছে না সমাধান। তাই দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাসহ প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপ ও নিজের বাড়ি ফিরে পেতে আকুল আবেদন জানিয়েছেন ভুক্তভোগী জহির।
সরজমিনে গিয়ে এলাকাবাসী ও বিভিন্ন কাগজপত্র পর্যালোচনা করে জানা যায়, বিগত ২০১০ সালের ২৪ নভেম্বর পারিবারিকভাবে এক লাখ টাকা দেনমোহরের মাধ্যমে পার্শ্ববর্তী সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী গ্রামের হযরত আলীর মেয়ে কহিনুর বেগমকে বিয়ে করেন মো. জহির উদ্দিন। বিয়ের পর থেকে চলছিল তাঁদের সংসার। এরই মাঝে ২০১৬ সালের দিকে স্ত্রী কহিনুরকে পরকীয়া প্রেমিকের সঙ্গে হাতেনাতে ধরেন জহির উদ্দিন। এরপর নিজের সম্মানহানি হওয়ায় নিজেকে সংবরণ করতে না পেরে নিজের বসতঘরে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ভুক্তভোগী জহির।
ঘটনার পরপর সদ্য তালাকপ্রাপ্ত স্ত্রী তৎকালীন সময়ে ভুক্তভোগী জহিরকে আসামি করে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করলে আদালত উভয়পক্ষের আইনজীবীদের মাধ্যমে তাঁদের স্বামী-স্ত্রীর মধ্যে মীমাংসা করে দেন। এরপর থেকে বাড়তে থাকে তাঁদের পারিবারিক কলহ। চলতে থাকা পারিবারিক কলহের জেরে গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখে জহির স্ত্রী কহিনুর বেগমকে নোটারি পাবলিকের মাধ্যমে তালাক প্রদান করেন। এরপর কাবিনের টাকার জন্য এলাকায় একটি সালিশি বৈঠকে জহির তাঁর দেনমোহরের বকেয়া ৮০ হাজার টাকা জমা দেন। কিন্তু সালিশি বৈঠকে উপস্থিত সালিশদারেরা অসাধু উপায়ে জহিরকে তাঁর বাড়ির অর্ধেক জায়গা স্ত্রী কহিনুর বেগমকে লিখে দিতে চাপ সৃষ্টি করলে জহির কোনো উপায়ান্তর না পেয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। তাতে সালিশদারেরা ক্ষিপ্ত হয়ে তাঁর তালাকপ্রাপ্ত স্ত্রী কহিনুর বেগমকে দিয়ে আদালতে পুনরায় আরেকটি মিথ্যা মামলা দায়েরের মাধ্যমে জহিরকে কারাগারে পাঠিয়ে স্ত্রী কহিনুর বেগম ও তাঁর স্বজনদের দিয়ে জহিরের বসতঘর ও বাড়ি দখল করান। একই সঙ্গে তাঁর পুকুরের মাছ ও ঘরে থাকা মালামাল লুট করে তালাকপ্রাপ্ত স্ত্রীকে তাঁর স্বজনসহ জহিরের বসতঘরে অবস্থান করিয়ে তাঁকে ঘরছাড়া করে রাখার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী জহির।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার তৎকালীন ওসি নূর হাকিম জানান, জহিরের বিরুদ্ধে সমাজ অবমাননা এবং স্ত্রীকে তালাক দেওয়ার পর তাঁর কাবিনের টাকা নিয়ে তালবাহানা ও খোরপোশ না দেওয়ার অভিযোগ উঠেছিল। অপর প্রশ্নের জবাবে ওসি জানান, জহিরের বর্তমান স্ত্রী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন, কিন্তু উভয়পক্ষের কেউই কাউকে ছাড় দিতে ইচ্ছুক না হওয়ায় কোনো সমাধান করা সম্ভব হয়নি। তবে পুলিশের সহযোগিতায় জহিরের বসতঘর দখলের অভিযোগ অস্বীকার করে তিনি জানান, জহির সমাজের সালিশদারদের সিদ্ধান্ত না মানায় তাঁরাই তাঁদের সহযোগিতা করে জহিরের বাড়িতে থাকতে দিয়েছেন।
তবে আদালতে করা কহিনুর বেগমের সর্বশেষ মিথ্যা মামলা—যার নম্বর সিআর ৫১১/২০২৬-এর তদন্তকারী কর্মকর্তা চরজব্বর থানার এসআই মাঈন উদ্দিন জানান, মামলায় উল্লেখিত ঘটনার তারিখ ও স্থানে তদন্তে গিয়ে মামলার অভিযোগের সঙ্গে বাস্তবতার অনেক পার্থক্য পাওয়া গেছে। এমনকি ঘটনাস্থলে সাংবাদিকদের জিজ্ঞাসাবাদেও আশপাশের মানুষেরা এমন কোনো ঘটনা সম্পর্কে জানেন না।
মামলায় দেখানো আঘাতের বিষয়ে জানতে চাইলে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব চৌধুরী জানান, রোগী ভর্তি হওয়ার সময় তাঁর আঘাত দেখে খাতায় এন্ট্রি করা হয়। আদালতে চলমান মামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে ছবিতে দেখানো আঘাতের চিহ্ন নারীদের শরীরে জন্মনিয়ন্ত্রণ কাঠি বের করা কিংবা প্রবেশ করানোর কাটা আঘাতের মতো বোঝা যাচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তা হতে পারে। কেননা সাধারণত মারামারি কিংবা ধস্তাধস্তির ঘটনার আঘাতগুলো কখনো সোজাসুজি হয় না, তাই এমন ধারণা করা স্বাভাবিক।