বরিশাল

ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ: "সোনার দেশ গড়তে হলে আগে সোনার মানুষ তৈরি করতে হবে" — ড. শফিকুল ইসলাম মাসুদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, "সোনার দেশ গড়তে হলে আগে সোনার মানুষ তৈরি করতে হবে। যেমনভাবে আল্লাহর রাসূল (সা.) মদীনা রাষ্ট্র গড়ার আগে একদল সোনার মানুষ তৈরি করেছিলেন, আমরাও তেমনি আদর্শ মানুষ গড়ার কাজেই আত্মনিয়োগ করতে চাই।"

 

শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় বাউফল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ইসলামী ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ড. মাসুদ আরও বলেন, ইসলামী ছাত্রশিবির কেবল একটি ছাত্রসংগঠন নয়, এটি আদর্শ ও চরিত্রবান মানুষ গড়ার একটি আন্দোলন। ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এই সংগঠন শিক্ষার প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করছে। তিনি মন্তব্য করেন, "ভালো ছাত্র হওয়া যেমন জরুরি, তেমনি ভালো মানুষ হওয়াও অপরিহার্য। শিক্ষার যে উদ্দেশ্য—মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা—শিবিরের উদ্দেশ্যও ঠিক তাই।"

 

বাউফল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি নাজমুল আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা মিঠু, কেন্দ্রীয় আইন ও দাওয়াহ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, মুফতি মাওলানা জাকির হোসেন, অধ্যাপক শহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা সভাপতি রাকিবুল ইসলাম নূর, ও উপজেলা সভাপতি মোহাম্মদ লিমন হোসেন।

 

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর