খুলনা

ঈদ-ই-মিলাদুন্নবীর ছুটিতে বুধবার বেনাপোলে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি।

তিনি জানান, বুধবার পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে আবার যথানিয়মে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম চলবে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন খান জানান, বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে বুধবার বাণিজ্য বন্ধ থাকলেও ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে। দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকায় বুধবার বেনাপোল-পেট্রাপোল বন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে আবার বন্দরের কার্যক্রমসহ আমদানি-রপ্তানি শুরু হবে। তবে পণ্য খালাস হওয়া ভারতীয় খালি ট্রাক ভারতে ফিরে যেতে পারবে।

এদিকে এক দিনের জন্য বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকায় দুই দেশের বন্দরে পণ্যজট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে প্রতিদিন বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে প্রায় ৫০০-৬০০ ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে। পাশাপাশি চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণের প্রয়োজনে প্রতিদিন কয়েক হাজার পাসপোর্টধারী যাত্রী এ পথে যাতায়াত করেন। এই বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে প্রতিদিন সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব পেয়ে থাকে।



সম্পর্কিত খবর