রাজনীতি

উপদেষ্টাদের রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে: নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, উপদেষ্টাদের বুঝতে হবে তাদের কাছে জনগণের প্রত্যাশা কি,জনগণের পার্লস না বুঝে কাজ করলে জনগণ তো সরকারের বিপক্ষে যাবে। বিগত সময়ে আমরা দেখেছি যারা ক্ষমতায় ছিলো তারা তাদের নিজেদের কথা চিন্তা করেছে, নিজেদের দলের কথা চিন্তা করেছে। ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করেছে। তাই রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দল গুলোর সংস্কারও জরুরি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ভারতীয় আগ্রাসন ও আধিপত্য বিরোধী জাতীয় যুব সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশের আয়োজন করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। সমাবেশ শেষে প্রেসক্লাবের সামনে থেকে মিছিল শুরু করে বিজয়নগর পানির ট্যাংকি মোড়ো এসে শেষ হয়।

সমাবেশে নুরুল হক নুর বলেন, অর্ন্তবর্তীকালীন সরকার কে অস্থিতিশীল করতে ভারতের আগ্রাসন ও আধিপত্য চলছে। ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের জন্য দায়ী ভারত। আওয়ামী লীগের মতো অন্তর্বর্তী কালীন সরকার কে ব্যবহার করতে পারবে না তাই বাংলাদেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে ভারত।

তিনি বলেন, পরিকল্পিত ভাবে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা চলছে এটা প্রমাণ করার চেষ্টা করছে। আমরা আন্তর্জাতিক গণমাধ্যম গুলোকে আহ্বান জানাবো তারা যেন তদন্ত করে। বাংলাদেশের কোন সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেনি, যা ঘটেছে সেগুলো রাজনৈতিক ঘটনা।

গণঅধিকার সভাপতি বলেন, আমরা দেখেছি সীমান্তে বিএসএফ গুলি করে বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, বিজিবি কে বলবো বিএসএফ একজনকে গুলি করলে আপনারা দুই জনকে গুলি করবেন। কোন প্রকার ছাড় দেওয়ার সুযোগ নাই। 

নুরুল হক নুর আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ভাষা বুঝতে পারছে না। তারা জাতিকে ঐক্যবদ্ধ না করে তারা তাদের চায়ের আড্ডার লোকদের নিয়ে সরকার গঠন করছে। তারা রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন না করে রাজনৈতিক দলগুলোর কথা না শুনে তারা তাদের মত কাজ করছে। আমরা আগেও বলেছি আগে সংস্কার তারপর নির্বাচন কিন্তু সেক্ষেত্রে সরকার কে আন্তরিক হতে হবে। তারা যদি সবার কথা না শুনে নির্দিষ্ট একটা গোষ্ঠী কিংবা সার্কেলের কথা শুনে তাহলে তো সবাই সরকার কে সন্দেহ করবেই। 

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সঞ্চালনা করেন সহ সভাপতি রাহুল ইসলাম, এছাড়াও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, সহ সভাপতি শাকিল আহমেদ তিয়াসসহ আরও অনেকে।

বায়ান্ন/আরএইচ/একে



সম্পর্কিত খবর