গাজীপুরের জয়দেবপুরে এক কলেজছাত্রীকে অপহরণ করে জোরপূর্বক বিয়ে ও ধর্ষণের অভিযোগ উঠেছে, দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের এক ছাত্রী নিয়মিত কলেজে যাতায়াতের সময় স্থানীয় এক যুবক তাকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। এ বিষয়ে পরিবার থেকে সতর্ক করা হলেও অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে।
গত ১২ ফেব্রুয়ারি দুপুরে ওই ছাত্রী তার খালার বাসায় যাওয়ার পথে জয়দেবপুরের মনিপুর এলাকার অস্ট্রেলিয়া বাগান এলাকায় পৌঁছালে অভিযুক্ত দুর্জয় ইসলাম রিয়াদ (২০) ও তার সহযোগী মোঃ রাফি (১৮) তাকে পথরোধ করে। পরে তারা ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর স্থানীয়ভাবে জানতে পারেন যে, অভিযুক্তরা তাকে অপহরণ করেছে। পরে থানায় অভিযোগ দায়ের করা হলে উভয় পরিবারের উদ্যোগে গত ২১ মার্চ এক শালিস বৈঠকের মাধ্যমে অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
পরবর্তীতে সুস্থ হয়ে ভুক্তভোগী তার মাকে জানায়, অপহরণের পর তাকে জোরপূর্বক একটি স্থানে আটকে রেখে প্রাণনাশের ভয় দেখিয়ে নিকাহনামায় স্বাক্ষর নেওয়া হয় এবং তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর মা মোসাঃ আয়েশা জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এবিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ নয়ন বলেন, মেয়ে মা এসে আমাদের কাছে অভিযোগ করেছে, আমরা জানতে পেরেছি। তদন্ত করে প্রয়োজনীয় ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।