দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার নতুনভাবে ভক্তদের সামনে হাজির হয়েছেন। অভিনয়ের পাশাপাশি ডিজিটাল দুনিয়ায় নিজের উপস্থিতি আরো জোরালো করতে তিনি আনুষ্ঠানিকভাবে চালু করেছেন নিজের ইউটিউব চ্যানেল।
ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং নিজের সৃজনশীল কাজের অন্দরমহলের গল্প তুলে ধরতেই এই উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।
জয়া আহসানের কথায়, পর্দায় দর্শক যে চরিত্রগুলো দেখেন, তার পেছনের বাস্তব অভিজ্ঞতা, প্রস্তুতি এবং নানা অজানা মুহূর্ত দর্শকদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যই এই নতুন প্ল্যাটফরম।
নতুন এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রকাশিত হবে তার অভিনয়জীবনের নেপথ্যের দৃশ্য, শুটিং সেটের অভিজ্ঞতা এবং কাজের বিভিন্ন ধাপের গল্প। পাশাপাশি ব্যক্তিগত জীবনের কিছু বিশেষ দিকও উঠে আসবে ভিডিওতে, যা এত দিন ভক্তদের কাছে অজানাই ছিল।
No photo description available.
প্রকৃতিপ্রেমী হিসেবে পরিচিত এই অভিনেত্রী তার ভ্রমণ, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং দৈনন্দিন জীবনের শান্ত মুহূর্তগুলোও এই চ্যানেলে তুলে ধরবেন বলে জানা গেছে।
জয়া আরো জানিয়েছেন, অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো ইউটিউবেও ভক্তদের সক্রিয় অংশগ্রহণ চান।
দর্শকদের ভালোবাসা, মতামত ও গঠনমূলক মন্তব্যই তাকে নতুন কনটেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস তার।
এদিকে, জয়া আহসান ভিন্নমাত্রার ট্রাভেল ডকুমেন্টারি সিরিজ ‘রুচি প্রেজেন্টস গানচিল পথের গল্প’ উপস্থাপনা করছেন। সিরিজটি নির্মাণ করছেন মোহাম্মদ আলী, যেখানে দেশের বিভিন্ন জেলার সাংস্কৃতিক বৈচিত্র্য, পেশা ও জীবনযাপনের ভিন্নতা তুলে ধরা হচ্ছে।