ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, এসডিজি বাস্তবায়ন করতে হলে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে হবে। বিশেষ করে দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করার জন্য প্রত্যেক সরকারি-বেসরকারি অফিসে সুশাসন নিশ্চিত করতে হবে।
বুধবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট ও প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক কর্মশালায় মূখ্য আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় চট্টগ্রাম সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবির এ আয়োজনে স্থানীয় প্রশাসন ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অংশ নেন।
ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, সুশাসন নিশ্চিত হলে রাষ্ট্র পরিচালনায় এবং সরকারি কর্মকান্ডে জনগণের অংশগ্রহণ বাড়ে। সুশাসনের ঘাটতির কারণে সুবিধাবঞ্চিত মানুষ অধিকার বঞ্চিত হয় এবং দুর্নীতি বাড়ে। তাই সুশাসন নিশ্চিত করতে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে গণতান্ত্রিক চর্চা করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার (রুটিন দায়িত্ব) মোহাম্মদ নুরুল্লাহ নূরী। সনাক-টিআইবি চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদারের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন সনাকের সাবেক সভাপতি আখতার কবির চৌধুরী।
মোহাম্মদ নুরুল্লাহ নূরী বলেন, সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করাই হচ্ছে দেশপ্রেম। পরে তিনি সব দপ্তরকে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে কর্মপরিকল্পনা তৈরির আহবান জানান।
কর্মশালায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন আনসার ও ভিডিপির উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান, দুদকের বিভাগীয় পরিচালক আবুল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষার পরিচালক অধ্যাপক ফজলুল কাদের চৌধুরী, ব্যুরো বাংলাদেশের বিভাগীয় ব্যবস্থাপক আবদুস ছালাম, ঘাসফুলের উপপরিচালক সাদিয়া রহমান, ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া এবং টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের সমন্বয়কারী কাজী শফিকুর রহমান।