কলকাতা-বেনাপোল-খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘ দুই বছর পর ভারত ও বাংলাদেশের মধ্যে আবারও চালু হতে যাচ্ছে। সম্প্রতি দুই দেশের ট্রেন চলাচল নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে; তবে এখনো সুনির্দিষ্ট দিনক্ষণ ঠিক হয়নি।
দেশের সর্ববৃহৎ স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল। এই বন্দর দিয়ে প্রতিদিন যাতায়াত করেন হাজার হাজার পাসপোর্টধারী যাত্রী এবং চলাচল করে শত শত আমদানি-রপ্তানি পণ্যবাহী ট্রাক।
নিরাপদ ও সহজ যাতায়াতের লক্ষ্যে ২০১৭ সালের ৯ নভেম্বর খুলনা-বেনাপোল-কলকাতা রুটে চালু হয় বন্ধন এক্সপ্রেস ট্রেনটি।
তবে ২০২৪ সালের ১৯ জুলাই থেকে বন্ধ হয়ে যায় দুই দেশের মধ্যবর্তী এই রেল যোগাযোগ। সম্প্রতি পুনরায় ট্রেন চালুর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বন্ধন এক্সপ্রেস ও মৈত্রী এক্সপ্রেস ট্রেন দুটি চালু হলে উপকৃত হবেন দুই দেশের নাগরিকেরা; একই সঙ্গে সাশ্রয় হবে সময় ও অর্থ।
বেনাপোল রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি নির্দেশনা পেলেই দুই দেশের মধ্যে রেল যোগাযোগ পুনরায় চালু করা হবে। স্টেশনের স্টেশনমাস্টার মো. আয়নাল হাসান জানান, যাত্রীসেবা নিশ্চিত করতে বেনাপোল রেলস্টেশন এলাকা প্রস্তুত করা হচ্ছে। এর অংশ হিসেবে ওয়েটিং রুমসহ পুরো স্টেশন চত্বর ধোয়ামোছা ও মেরামতের কাজ চলছে।
বন্ধন এক্সপ্রেস ও মৈত্রী এক্সপ্রেস ট্রেন চালু হলে চিকিৎসা, ভ্রমণ ও ব্যবসাসহ নানা প্রয়োজনে যাতায়াতকারী উভয় দেশের যাত্রীরা বিশেষ সুবিধা পাবেন। সেই সঙ্গে সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।