গাজীপুরের কাপাসিয়ায় নির্বাচনী মিছিল ও কার্যালয়ে অবস্থানকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ বাজার এলাকায় এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী মিছিল সালদৈ বাজারে প্রবেশ করে। মিছিলটি বিএনপির নির্বাচনী কার্যালয়ের সামনে পৌঁছালে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়। আহতদের মধ্যে জামায়াতের জাহিদ ভুঁইয়া ও লতিফ ভুঁইয়া এবং বিএনপির স্থানীয় নেতা লাল মিয়া ও ছাত্রদল নেতা মো. রাজীবের নাম পাওয়া গেছে। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার বিষয়ে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান অভিযোগ করেন, “আমাদের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে সাংগঠনিক কাজ করার সময় জামায়াতের মিছিল থেকে অতর্কিত হামলা চালানো হয়। এতে আমাদের দুজন নেতা গুরুতর আহত হয়েছেন।”
পাল্টা দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী সালাহউদ্দিন আইউবী বলেন, “শান্তিপূর্ণ কর্মসূচি শেষে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করেছে। এতে আমাদের ৩ জন কর্মী আহত হয়েছেন।” তিনি আরও জানান, বিশৃঙ্খলা এড়াতে দলীয় নির্দেশে নেতাকর্মীরা পরে এলাকা ত্যাগ করেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, “এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”