দেশের খবর

কাপ্তাই হ্রদে পানি বাড়ছে, ডুবে গেছে ঝুলন্ত সেতু

ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বাড়ছে। এরইমধ্যে ডুবে গেছে শহরে পর্যটকদের অন্যতম আকর্ষণ হ্রদের ঝুলন্ত সেতু।

 

 

এ পরিস্থিতিতে শনিবার সকাল থেকে এ সেতু পারাপারে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ।

পর্যটন করপোরেশন সূত্রে জানা গেছে, চেঙ্গী, মাইনী, কাচালং নদী এবং ভারতের মিজোরাম রাজ্য থেকে উৎপন্ন হওয়া কর্ণফুলী নদীর পানি কাপ্তাই হ্রদে এসে মিশেছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কয়েক দিন ধরেই হ্রদে পানি বাড়ছে। শুক্রবার (২৮ আগস্ট) বিলেলেই হ্রদের পানি পাটাতন স্পর্শ করে।

 

 

 

সূত্র জানায়, উজান থেকে পানি আসা অব্যাহত থাকায় শনিবার (২৯ আগস্ট) সকাল পর্যন্ত চার ইঞ্চি পানিতে ডুবে ছিল ঝুলন্ত সেতু। ঝুঁকি এড়াতে পর্যটন করপোরেশনের পক্ষ থেকে সেতুতে দর্শনার্থীদের ওঠার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

 

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেছেন, হ্রদে পানি বাড়ার কারণে ঝুলন্ত সেতুতে আজ (শনিবার) সকালে চার ইঞ্চি পানি উঠেছে। তাই, ঝুঁকি এড়াতে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অনির্দিষ্টকালের জন্য সেতু দিয়ে পারাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

 

 

পানি কমলে সেতু পুনরায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।

কাপ্তাইয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, শনিবার দুপুর পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল (মিনস সি লেভেল)। কাপ্তাই হ্রদে পানির ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। বর্তমানে এই কেন্দ্রের পাঁচ ইউনিট চালু রেখে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এই কেন্দ্রে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ২৪২ মেগাওয়াট।

 



সম্পর্কিত খবর