দেশের খবর

কালিয়াকৈরে পুলিশবক্স-আ’লীগের অফিস যানবাহনে আগুন,সংঘর্ষ,ভাংচুর, গুলিববিদ্ধ

গাজীপুরের কালিয়াকৈরে রোববার দিনব্যাপী সড়ক-মহাসড়ক অবরোধ করে বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা ৩টি পুলিশ বক্স, আওয়ামীলীগের অফিস, থানার সামনে রাখা গাড়িসহ বেশকিছু যানবাহনে অগ্নিসংযোগ করে। এক পর্যায় পুলিশ ও আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের হামলায় ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য ও পুলিশের গুলিতে শিশুসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। কালিয়াকৈরে এ রিপোর্ট লেখা পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজ করছিল ।
আন্দোলনরত শিক্ষার্থী, পুলিশ ও আওয়ামীলীগের নেতাকর্মী সূত্রে জানা গেছে, পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী রোববার সকাল থেকেই কালিয়াকৈর উপজেলার মৌচাক, সফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর বাজার এলাকায় জড়ো হতে থাকেন। আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও স্থানীয় আঞ্চলিক সড়ক অবরোধ করে সরকার বিরোধী নানা শ্লোগানে বিক্ষোভ মিছিল করে। কিন্তু সকাল ১০টার দিকে ওই মহাসড়কের চন্দ্রা এলাকায় স্থানীয় আওয়ামীলীগ ও অংগ সংগঠনের কয়েকজন নেতাকর্মী ক্ষিপ্ত হয়ে আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থীদের মারধর করে। এ খবরটি মুহুর্তের মধ্যে অন্যান্য শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বেলা ১১টার দিকে বিভিন্ন এলাকায় অবস্থানরত শিক্ষার্থীরা চন্দ্রায় জড়ো হয়। এসময় অবস্থানরত শিক্ষার্থীরা ওই এলাকায় থাকা কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের অফিস, হাইওয়ে ও জেলাসহ ৩টি পুলিশ বক্সে আগুন দেয়। এসময় তারা বেশকিছু যানবাহন ভাংচুর করে। পরে আন্দোলনকারীরা বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার লতিফপুর এলাকায় থানা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রবেশের চেষ্টা চালায়। এসময় উপজেলা চত্তরের ভেতরে ও কালিয়াকৈর থানার সামনে থাকা ৫/৬টি যানবাহনে আগুন দেয় এবং যানবাহন ভাংচুর করে শিক্ষার্থীরা। পরে পুলিশ ধাওয়া দিলে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কালিয়াকৈর থানার ওসি এএফএম নাসিমসহ কয়েকজন পুলিশ সদস্য  আহত হন। থানার দুই পাশে অবস্থানরত ছিল আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহম্মেদের নেতৃত্বে হাত মাইক দিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। এক পর্যায় তাদের বুঝিয়ে শান্ত করেন ওই নির্বাহী কর্মকর্তা। পরে তার নেতৃত্বে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে নিরাপদ স্থানে সরিয়ে দেয়। কিন্তু  শিক্ষার্থীরা থানা থেকে চন্দ্রার দিকে কিছু দুরে পৌছলে অপরদিক থেকে প্রায় দেড় শতাধিক পুলিশ এসে শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল, সাউন্ডগ্রেনেট, রাবার বুলেট ছুড়ে। এতে প্রায় সাত বছরের শিশুসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান অন্যান্য শিক্ষার্থীরা। এখনো আহতদের নাম ঠিকানা জানা যায়নি। খবর পেয়ে দেড়টার দিকে আবারও উপজেলা চত্তর ও থানার সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে পুলিশ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। ঘন্টার পর ঘন্টা ধরে গুলাগুলির শব্দে ওই এলাকাসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ অবস্থায় কালিয়াকৈর তখন থমথমে অবস্থা বিরাজ করছিল।
চলমান পরিস্থিতি জানতে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিমের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন তুলেননি। এছাড়াও কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কাউছার আহম্মেদও ফোন তুলেন নাই।      


সম্পর্কিত খবর