ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস কক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা চিকিৎসক অরুণ কুমার দাসের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কমিটির অন্যতম সদস্য কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি ও উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা ওলিউর রহমান।
সভার শুরুতেই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক অরুণ কুমার হাসপাতালের বর্তমান চিত্র তুলে ধরে জানান, ১৯৬৭ সালে নির্মিত হাসপাতালের পুরোনো ভবনটি সংস্কার করা প্রয়োজন। হাসপাতালে নিরাপত্তা প্রহরী ও অ্যাম্বুলেন্স চালক নেই। পর্যাপ্ত চিকিৎসক, অফিস স্টাফ ও নার্সসহ নানা খাতেও জনবলসংকট রয়েছে। এ ছাড়া হাসপাতালের উন্নয়ন তহবিলে জমাকৃত অর্থ ব্যবহার এবং প্রেষণে বাইরে কর্মরত চিকিৎসক ও নার্সদের হাসপাতালে ফেরাতে করণীয় প্রসঙ্গ তুলে ধরা হয়। সেই সাথে জেলার অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা হিসেবে এ হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করা একান্ত প্রয়োজন।
এরপর সভায় ব্যাপক আলোচনান্তে এমপি (সংসদ সদস্য) সহ উপস্থিত সদস্যবৃন্দ হাসপাতালের সকল সমস্যা ও সংকট নিরসনে সহযোগিতা করার আশ্বাস দেন এবং উন্নয়ন তহবিলের টাকায় হাসপাতালের উন্নয়নমূলক কাজ করা হবে বলেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শিশির কুমারের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সেকেন্দার আলী, এনজিও প্রতিনিধি সোহেল আহমেদ, সাংবাদিক জামির হোসেন, শাহজাহান আলী সাজু, হাসপাতালে কর্মরত অন্যান্য চিকিৎসক ও অফিস কর্মকর্তা মাইনুর হোসেন প্রমুখ। সভায় হাসপাতালের জানালা সংস্কার ও উন্নয়নে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।