খুলনা

কালীগঞ্জকে দুর্নীতিমুক্ত ও আদর্শ মডেল গড়ার ঘোষণা আবু তালিবের

ঝিনাইদহ-৪ আসনকে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও একটি মানবিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ১১-দলীয় জোটের প্রার্থী মাওলানা আবু তালিব। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভায় তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

 

নির্বাচনের মাত্র চার দিন আগে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আবু তালিব বলেন, “বিগত ৫৪ বছরে শোষণের রাজনীতি চলেছে। মানুষ এখন পরিবর্তন চায়। ইনসাফ কায়েম ও লুণ্ঠিত ভোটাধিকার পুনরুদ্ধারে আগামী ১২ ফেব্রুয়ারি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করুন।” তিনি আরও উল্লেখ করেন, নির্বাচিত হলে মোবারকগঞ্জ চিনিকলকে দুর্নীতির হাত থেকে রক্ষা করে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর এবং কৃষকদের জন্য আধুনিক যন্ত্রপাতির নিশ্চয়তা দেওয়া হবে।

 

কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন নিয়ে গঠিত এই নির্বাচনী এলাকায় জনসভাটি এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়। বিশেষ করে নারী কর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তৃতায় আবু তালিব সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, মাদকের বিস্তার রোধ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার অঙ্গীকার করেন।

 

সভায় বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর হিন্দু শাখার নেতা পিকুল মজুমদার বলেন, “আমরা সৎ ও যোগ্য প্রতিনিধি সংসদে পাঠাতে চাই। দুর্নীতিমুক্ত ও শিক্ষিত নেতৃত্বের মাধ্যমেই প্রকৃত উন্নয়ন সম্ভব।”

 

ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, মহেশপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল হাই এবং কালীগঞ্জ উপজেলা আমির আব্দুল হক মোল্লাসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ। জনসভা শেষে একটি বিশাল মিছিল কালীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



সম্পর্কিত খবর