ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামে কৃষক নায়েব আলী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও অন্যজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা জজ মাসুদ আলী এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলো একই গ্রামের ইউনুস আলী পাটোয়ারী (৫৬) ও তাঁর ছেলে আল-আমিন পাটোয়ারী।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০২৫ সালের ২৮ মে কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করেন প্রতিবেশী ইউনুস আলী ও তাঁর ছেলে আল-আমিন। এ ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় দুই-তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত বছরের ১৮ আগস্ট ছেলে আল-আমিন ও বাবা ইউনুস আলীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেয় পুলিশ। বিচারিক প্রক্রিয়া শুরুর মাত্র সাত কার্যদিবসে ওই মামলায় ছেলে আল-আমিনকে মৃত্যুদণ্ড ও বাবা ইউনুস আলীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন আদালত। একই সাথে ছেলের ৫০ হাজার ও বাবার ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।