খুলনা

কালীগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, দোকান ভাঙচুর ও লুটপাট

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, দোকান ভাঙচুর এবং নারী লাঞ্ছনার ঘটনা ঘটেছে। বুধবার বিকাল ও রাতে উপজেলার পৃথক তিনটি স্থানে এসব সহিংসতায় অন্তত তিনজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, রাত ৭টার দিকে তিল্লা বাজারে ‘ধানের শীষ’ ও স্বতন্ত্র ‘কাপ-পিরিচ’ প্রতীকের সমর্থকদের মধ্যে ভোট চাওয়া নিয়ে বাগবিতণ্ডা হয়। এর জেরে উভয়পক্ষের সংঘর্ষে সেলিম হোসেন, সুজন হোসেন ও ফজলুর রহমান আহত হন। তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর রাত ৮টার দিকে পুকুরিয়া বাজারে এক প্রার্থীর সমর্থকদের দোকানে হামলা চালিয়ে ক্যাশ বাক্স থেকে নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ উঠেছে।

অন্যদিকে, বিকালে রাখালগাছী ইউনিয়নের বহিরগাছী গ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে বিএনপি প্রার্থীর বোন লাঞ্ছিত হয়েছেন বলে থানায় অভিযোগ করা হয়েছে। খবর পেয়ে রাতেই সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, সহিংসতা ও লাঞ্ছনার ঘটনায় পৃথক দুটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, “বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নির্বাচনী দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।”



সম্পর্কিত খবর