খুলনা

কালীগঞ্জে ধানের শীষের নির্বাচনী সমাবেশ: চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হুঁশিয়ারি দিলেন রাশেদ খাঁন

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁন বলেছেন, কোনো ধরনের হত্যা, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। বুধবার বিকেলে কালীগঞ্জ সরকারি ভূষণ স্কুল মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

 

বিপুল সংখ্যক নারী-পুরুষের উপস্থিতিতে আয়োজিত ওই সভায় রাশেদ খাঁন বলেন, “ধানের শীষ প্রতীক তারেক রহমানের আমানত। এই নাম ভাঙিয়ে বা মিথ্যার আশ্রয় নিয়ে কেউ বিশৃঙ্খলা করলে সাধারণ মানুষ তার দাঁতভাঙা জবাব দেবে।” তিনি আরও যোগ করেন, সনাতন ধর্মাবলম্বীরা বিএনপির কাছে সম্পূর্ণ নিরাপদ এবং দলের এই ঐক্যবদ্ধ শক্তির বিজয় কেউ রুখতে পারবে না।

 

প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলে বিএনপি প্রার্থী বলেন, “ধানের শীষের কর্মীদের মারধর ও ভোটারদের হুমকি দিয়ে কোনো লাভ হবে না। ৫ আগস্টের পর যারা হাটবাজার দখল ও চাঁদাবাজি করেছেন, তারা এখন ভোট কেনার অপচেষ্টা চালাচ্ছেন।” নির্বাচিত হলে এই আসনে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দেন তিনি।

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন, “ধানের শীষ ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে রাশেদ খাঁনকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।” কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেন জীবনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক তবিবর রহমান মিনিসহ স্থানীয় নেতৃবৃন্দ।



সম্পর্কিত খবর