খুলনা

কালীগঞ্জে মেম্বারের ছবিতে জুতার মালা এডিট করে ফেসবুকে পোস্ট, থানায় জিডি

ঝিনাইদহের কালীগঞ্জে ফেসবুকে ব্যক্তিগত ছবি বিকৃত করে জুতার মালা পরানো এবং অশ্লীল ভাষায় অপপ্রচারের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক ইউপি সদস্য।

রবিবার (৩০ আগস্ট) কালীগঞ্জ থানায় এ সাধারণ ডায়েরি করেন উপজেলার রাখালগাছি ইউনিয়নের বহিরগাছি মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ও ওই ইউনিয়নের সদস্য মো. জসিম (৪৭)। জিডি নম্বর-১৫৫৩।

জিডিতে মো. জসিম অভিযোগ করেন, গত ২৯ আগস্ট বিকেল ৫টার দিকে তিনি নিজের ফেসবুক আইডিতে প্রবেশ করে দেখতে পান, Mijanur Rahman নামে একটি ফেসবুক আইডি থেকে তাঁর ব্যক্তিগত ছবি এডিট করে জুতার মালা পরিয়ে পোস্ট করা হয়েছে।

এ ছাড়া ওই আইডি থেকে তাঁকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মানহানি করার উদ্দেশ্যে অশ্লীল ভাষায় বিভিন্ন স্ট্যাটাস ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

জসিমের অভিযোগ, অজ্ঞাত ব্যক্তি তাঁর ফেসবুক আইডিতে প্রবেশ করে তাঁর আপলোড করা ছবি, ভিডিও ও বিভিন্ন স্ট্যাটাসে অশ্লীল ভাষায় মন্তব্য করছে। বিষয়টি নিয়ে তিনি নানাভাবে চেষ্টা করেও অপপ্রচারকারীর পরিচয় নিশ্চিত করতে পারেননি।

জিডিতে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তাঁকে হয়রানি, মানহানি এবং ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করা হতে পারে। ভবিষ্যতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন করেন তিনি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, "এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। অভিযোগের বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জড়িত ব্যক্তিকে শনাক্তেরও চেষ্টা চলছে।"

 


সম্পর্কিত খবর