কালীগঞ্জ থানার নবাগত ওসি কবির হোসেন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। রোববার বিকেল সাড়ে ৫টায় থানা প্রাঙ্গণে আয়োজিত ওই মতবিনিময় সভায় ওসি মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান। মতবিনিময়ের শুরুতেই তিনি স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং বলেন, "গণমাধ্যমের কর্মীরা সমাজের দর্পণ। আপনারা যদি আমাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করেন, তবে এ উপজেলার মানুষকে নিরাপদ রাখতে সক্ষম হব। পাশাপাশি মাদকমুক্ত, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে থানা-পুলিশ সচেষ্ট থাকবে।" এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মনিরুজ্জামান ও নাজমুল হোসেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ শহিদুল ইসলাম, উচ্চকণ্ঠের সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, দৈনিক সমকালের প্রতিনিধি জামির হোসেন, মোহনা টিভির সোহেল আহম্মদ, বৈশাখী টিভির রফিকুল ইসলাম মন্টু, এশিয়া পোস্টের হাবিব ওসমান, দিনকালের হুমায়ুন কবির সোহাগ ও কালের কণ্ঠের নয়ন খন্দকারসহ অন্যান্য সাংবাদিক।