কালোজিরা নামক ছোট এই জিনিস আমাদের স্বাস্থ্যের জন্য এক বিরাট আশীর্বাদ। এটি যেন এক প্রাকৃতিক উপহার। বহু বছর ধরে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে কালোজিরা শুধু মসলা হিসেবেই নয়, ওষধি গুণের জন্যও ব্যবহৃত হয়ে আসছে।
আধুনিক গবেষণাতেও কালোজিরার উপকারিতা নিয়ে আগ্রহ বাড়ছে।
কালোজিরাকে ইংরেজিতে ব্ল্যাক সিড বা নাইজেলা সিডস বলা হয়। এতে রয়েছে নানা ধরনের বায়োঅ্যাকটিভ উপাদান ও অ্যান্টি-অক্সিডেন্ট, যা শরীরের সামগ্রিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কালোজিরার বিরাট গুণ
কালোজিরার অন্যতম বড় গুণ হলো এর রোগ প্রতিরোধ ক্ষমতা। গবেষণায় দেখা গেছে, কালোজিরার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে, যা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করতে পারে বলে পরীক্ষাগারে প্রমাণ মিলেছে।
নিয়মিত ও সঠিক পরিমাণে কালোজিরা খেলে শরীরের ইমিউন সিস্টেম সক্রিয় হতে পারে এবং সংক্রমণের ঝুঁকি কমতে পারে।
কালোজিরা অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। এতে থাকা থাইমোকুইনোন, কারভাক্রল, টি-অ্যানিথল ও টারপিনিওলের মতো যৌগ শরীরের ফ্রি র্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব কমাতে সাহায্য করে। ফ্রি র্যাডিক্যাল কোষের ক্ষতি করে এবং দীর্ঘমেয়াদি নানা রোগের ঝুঁকি বাড়ায়।