বিশ্বখ্যাত উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিং ২০২৬-এ ‘কৃষি ও বনায়ন’ (এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি) ক্যাটাগরিতে প্রথমবারের মতো স্থান করে নিয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। এ তালিকায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৪০১-৪৭৫-এর মধ্যে, যা প্রতিষ্ঠানটির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
গত ২৫ মার্চ কিউএস তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ র্যাঙ্কিং প্রকাশ করে। এতে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় গুলোর সঙ্গে প্রতিযোগিতার মধ্য দিয়ে গাকৃবির এই অর্জন দেশের কৃষি শিক্ষার জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে।
এর আগে কিউএস সাসটেইনেবিলিটি র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ১০৭১- ১০৮০-এর মধ্যে। মাত্র এক বছরের ব্যবধানে এ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন সম্ভব হয়েছে বর্তমান উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে গবেষণা সম্প্রসারণ, আন্তর্জাতিক মানসম্পন্ন একাডেমিক পরিবেশ সৃষ্টি এবং উদ্ভাবনী কার্যক্রম জোরদারের ফলে।
প্রকাশিত তালিকায় কৃষি ও বনায়ন বিষয়ে নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ প্রথম এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি দ্বিতীয় স্থান অধিকার করেছে। কিউএসের এ মূল্যায়নে বিশ্বের ১০০টির বেশি উচ্চশিক্ষা ব্যবস্থার অধীনে ১,৯০০টিরও বেশি প্রতিষ্ঠানের ২১ হাজারের বেশি একাডেমিক প্রোগ্রামকে ৫৫টি বিষয় ও পাঁচটি ফ্যাকাল্টিতে বিশ্লেষণ করা হয়।
আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে গাকৃবির ধারাবাহিক সাফল্যের ধারাবাহিকতায় এর আগে কিউএস সাসটেইনেবিলিটি র্যাঙ্কিং ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় এবং পাবলিক- প্রাইভেট মিলিয়ে পঞ্চম স্থান লাভ করে।
এছাড়া টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-এ দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করে গাকৃবি। টিএইচই সাবজেক্ট র্যাঙ্কিংয়ে লাইফ সায়েন্স বিভাগেও পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রাখে প্রতিষ্ঠানটি। পাশাপাশি টিএইচই ইমপ্যাক্ট র্যাঙ্কিং ২০২৫-এ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের জন্য দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান ধরে রাখে।
উদ্ভাবন খাতেও সাফল্যের স্বাক্ষর রেখেছে গাকৃবি। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি) ২০২৫-এ ‘গ্লোবাল টপ ইনোভেটিভ ইউনিভার্সিটিজ’ ক্যাটাগরিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে। একই তালিকায় প্রযুক্তি ও উদ্ভাবনে বিশ্বের শীর্ষ ১০০ প্রতিষ্ঠানের মধ্যে এর অবস্থান ৭৭তম এবং বৈশ্বিক শীর্ষ ৪০০ ইনোভেটিভ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৩৩১তম স্থান লাভ করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “এই অর্জন কেবল একটি র্যাঙ্কিংয়ে উন্নীত হওয়ার বিষয় নয়; এটি দেশের কৃষি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন। আমরা ভবিষ্যতে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের কাতারে পৌঁছানোর লক্ষ্যে কাজ চালিয়ে যাব।”
বিশেষজ্ঞদের মতে, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের এ সাফল্য দেশের কৃষি গবেষণা ও উচ্চশিক্ষার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।