খুলনা

কুষ্টিয়ায় আবাসিক শিক্ষার্থীর মৃত্যু: কর্তৃপক্ষের দাবি ‘শ্বাসকষ্ট’, সহপাঠীদের অভিযোগে প্রশ্ন

কুষ্টিয়ায় এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির এক আবাসিক শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে রহস্য ও বিতর্ক তৈরি হয়েছে। মৃত শিক্ষার্থীর নাম তন্ময়। তিনি প্রতিষ্ঠানটির নবান্ন আবাসিক ভবনের ২০২ নম্বর কক্ষে থেকে পড়াশোনা করতেন।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি, তন্ময় আগে থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। বুধবার রাতের খাবার শেষে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে তিনি ঘুমিয়ে পড়েন। পরে রাতের কোনো এক সময় তার শ্বাসকষ্ট বেড়ে গেলে রাত প্রায় ২টার দিকে তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে এই ঘটনার ভিন্ন চিত্র তুলে ধরেছেন একই আবাসিক ভবনের অন্যান্য শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, তন্ময় অসুস্থ হয়ে পড়ার পরও তাকে সময়মতো হাসপাতালে নেওয়া হয়নি। বরং শিক্ষার্থীরা বারবার অনুরোধ করার পরও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বিষয়টি গুরুত্ব দেননি। এমনকি কেউ কেউ দাবি করেছেন, তারা শিক্ষকের পা জড়িয়ে ধরে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানান, কিন্তু তাতেও সাড়া পাওয়া যায়নি। তাদের অভিযোগ, মৃত্যুর বেশ কিছু সময় পর তন্ময়কে হাসপাতালে নেওয়া হয়।

এছাড়াও আবাসিক শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ঘটনার পর তাদের আবাসিক ভবনের ভেতরে সীমাবদ্ধ রাখা হয়েছে, বাইরে যোগাযোগে বাধা দেওয়া হচ্ছে।

ঘটনাটি জানাজানি হলে কুষ্টিয়া জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীর মৃত্যুর প্রকৃত কারণ এবং অবহেলার অভিযোগ খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অভিভাবক ও সচেতন মহল।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টরা বলছেন, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। 



সম্পর্কিত খবর