শহরতলীর চৌড়হাস এলাকায় মাদকসংক্রান্ত বিরোধের জেরে সানি শেখ সাগর (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত সাগর চৌড়হাস এলাকার রাজ্জাক হোসেনের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকার কয়েকজন মাদকসেবীর সঙ্গে সাগরের বন্ধুত্ব ছিলো। আজ সকালে মাদক নিয়ে তর্কবিতর্কের জেরে (রোববার) দুপুরে চৌড়হাস এলাকায় ভিকি, প্রবাল ও হৃদয় নামের কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে সাগরের ওপর হামলা চালায়। এ সময় তাঁরা সাগরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন দ্রুত সাগরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।