‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলালে ৩ দিনব্যাপী ‘জাতীয় মৎস্যপক্ষ ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এরপর উপজেলা পরিষদের নতুন ভবনের মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মশিউর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. সানজিদা ইয়াসিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এস এম রাজিব হোসেন, উপজেলা নিয়ন্ত্রণ কর্মকর্তা মোছা. শামীমা আখতার, উপজেলা বিএনপির সভাপতি খালেদ মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা তথ্য কর্মকর্তা মোছা. মুনিরা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের একপর্যায়ে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় তিনজন মৎস্যচাষিকে পুরস্কৃত করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক ও টেকসই প্রযুক্তি ব্যবহার করে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি এ খাতে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে। দেশের মৎস্যসম্পদ আরও সমৃদ্ধ করতে মৎস্যচাষিদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং টেকসই মাছ চাষের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।