ঢাকা

বারি'তে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, র‍্যালি, বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।

সকালে বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি।

মহাপরিচালক বলেন, ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আমি সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় এ দিবসের চেতনা আমাদের জাতীয় ঐক্য ও সংহতিকে আজও অনুপ্রাণিত করে। কৃষি গবেষণার মাধ্যমে দেশের খাদ্যনিরাপত্তা ও সমৃদ্ধি অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। সিপাহি-জনতার সম্মিলিত ভূমিকা সে সময়ের জাতীয় সংকট ও অস্থিতিশীল পরিস্থিতিতে নতুন রাজনৈতিক গতিপথের সূচনা করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. নির্মল কুমার দত্ত, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. হাবিব মোহাম্মদ নাসের, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা, পরিচালক (ডাল গবেষণা কেন্দ্র) ড. মো. আব্দুল মান্নান এবং পরিচালক ড. মোহা. মনিরুজ্জামান।

এ ছাড়া ইনস্টিটিউটের বিভিন্ন কেন্দ্র ও বিভাগের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকেরা কর্মসূচিতে অংশ নেন।

আলোচনা সভা শেষে মহাপরিচালকের নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ইনস্টিটিউটের প্রধান কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে জোহরের নামাজের পর বারির কেন্দ্রীয় মসজিদে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে সন্ধ্যায় ইনস্টিটিউটের মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

 


সম্পর্কিত খবর