ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন মাসব্যাপী দেশব্যাপী জাতীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে শুরু হয়েছে এডিস মশার বংশবিস্তার রোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম।
শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাতের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা পরিচ্ছন্নতার বিষয়ে জনসচেতনতা বাড়াতে সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করা, ঝোপঝাড় পরিষ্কার, ডোবা-নালায় কচুরিপানা অপসারণ এবং নির্মাণাধীন ভবনে পানি জমা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন।
বক্তারা আরও বলেন, নিজেদের বাড়ি, আঙিনা ও ছাদ পরিষ্কার রাখতে জনগণকে উৎসাহিত করতে হবে। একই সঙ্গে বাড়ির আশপাশে জমে থাকা পানি, আবর্জনা ও এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
দেশে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় সর্বোচ্চ প্রকোপের আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সরকার।
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা যখন প্রতিনিয়ত বাড়ছে, ঠিক তখনই এই সমন্বিত অভিযান শুরু হলো। তিন মাসব্যাপী কর্মসূচির মাধ্যমে মশার বংশবিস্তার রোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।