অর্থনীতি ও বাণিজ্য

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার কোটি টাকা

নানা ধরনের সুবিধা দেওয়ার পরও ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ অস্বাভাবিক হারে বাড়ছে। গত জুন শেষে দেশে খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এর আগে গত বছরের সেপ্টেম্বরেও প্রথমবারের মতো ব্যাংক খাতের খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছিল। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন ২০২৬ শেষে ব্যাংক খাতের শ্রেণিকৃত বা খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। এটি ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ।

 

এর আগে মার্চ ২০২৬ শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। ওই সময় মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ ছিল শ্রেণিকৃত ঋণ। অর্থাৎ মার্চ থেকে জুন—এই তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা। একই সময়ে খেলাপি ঋণের হারও বেড়েছে শূন্য দশমিক ৫২ শতাংশীয় পয়েন্ট। এদিকে চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৪৯ হাজার ৩৩৮ কোটি টাকা। বছরের শুরুতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। ছয় মাসের ব্যবধানে তা বেড়ে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকায় উঠেছে।

ব্যাংক খাতে খেলাপি ঋণ কমাতে ঋণ পুনঃতফসিল, পুনর্গঠনসহ বিভিন্ন সুবিধা দেওয়া হলেও এর প্রভাব কাঙ্ক্ষিত মাত্রায় পড়ছে না। বরং ঋণ আদায়ে দুর্বলতা এবং নতুন করে ঋণ খেলাপি হওয়ার কারণে সামগ্রিক খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে।

 

জুন শেষে মোট বিতরণ করা ঋণের প্রায় এক-তৃতীয়াংশই খেলাপি হওয়ায় ব্যাংক খাতের ঋণের মান নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। খেলাপি ঋণ বাড়তে থাকলে ব্যাংকের আয়, মূলধন ও সামগ্রিক আর্থিক স্থিতিশীলতার ওপরও চাপ তৈরি হতে পারে।

 



সম্পর্কিত খবর