ঢাকা

গাজীপুর সিটির নবনিযুক্ত প্রশাসককে প্রধান নির্বাহী কর্মকর্তার ফুলেল শুভেচ্ছা

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেন সরকারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান। 

 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে প্রশাসকের নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাৎকালে এ শুভেচ্ছা জানানো হয়।

 

এসময় গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপ-সচিব) মো. আমিন আল পারভেজ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৮) মনোয়ার হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম হারুনুর রশীদ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা এস এম গোলাম কিবরিয়া, নির্বাহী প্রকৌশলী লেহাজ উদ্দিন, আশরাফ হোসেন ও শামসুর রহমান, টঙ্গী অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী মো. মাইদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. আমজাদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এসময় সৌজন্য সাক্ষাৎকালে প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে নগরবাসীর দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসনকে সমন্বিত ভাবে কাজ করতে হবে। তিনি চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত সম্পন্ন করা, অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করা এবং জনসেবার মান আরও বাড়াতে সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

 

উল্লেখ্য, ২০১৩ সালের ১৬ জানুয়ারি প্রতিষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশনের আয়তন ৩২৯ দশমিক ৫৩ বর্গকিলোমিটার; এতে রয়েছে ৫৭টি ওয়ার্ড। স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখা থেকে রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রজ্ঞাপনে শওকত হোসেন সরকারকে নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।

 

শওকত হোসেন সরকার দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত। সিটি করপোরেশন গঠনের আগে তিনি কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে মহানগর পর্যায়ে দলীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং বর্তমানে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।

 

দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে শওকত হোসেন সরকার বলেন, ‘এটি আমার জন্য যেমন সম্মানের, তেমনি বড় দায়িত্বও। নগরবাসীর প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চাই। উন্নয়ন কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করে গাজীপুরকে আরও পরিচ্ছন্ন, বাসযোগ্য ও নাগরিকবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।’

 

সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, স্থানীয় প্রশাসন ও নগরবাসীর সঙ্গে দীর্ঘ সম্পৃক্ততার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি করপোরেশনের চলমান প্রকল্পগুলোতে গতি আনতে সক্ষম হবেন। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, নতুন প্রশাসকের নেতৃত্বে নাগরিক সেবায় দৃশ্যমান পরিবর্তন আসবে এবং অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমে সমন্বিত অগ্রগতি অর্জিত হবে।

 



সম্পর্কিত খবর