গাজীপুরে নিজ ঘর থেকে প্রাপ্তি মল্লিক পূজা নামের এক বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাতে মহানগরের পূবাইল থানার ডেমরপাড়া এলাকায় পরিবারের সদস্যরা মল্লিক পূজাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত প্রাপ্তি মল্লিক পূজা (২৪) ডেমরপাড়া এলাকার গোপাল চন্দ্র মল্লিকের মেয়ে। তিনি উত্তরা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। প্রায় দুই বছর আগে শ্রীপুরের রাজেন্দ্রপুর এলাকার শিশির চন্দ্র রায়ের সঙ্গে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়। এই দম্পতির কোনো সন্তান ছিল না।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট ভাইয়ের সঙ্গে বাবার বাড়িতে বেড়াতে যান পূজা। সোমবার সকালে তিনি বিশ্ববিদ্যালয়ে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে গোসল সেরে নিজ কক্ষে অবস্থান করছিলেন। রাত সাড় ৮টার দিকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তাঁর ভাই পাশের কক্ষের সিলিং দিয়ে ভেতরে ঢুকে পূজাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। এরপর ঘরের দরজা খুলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার তদন্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে পারিবারিক হতাশার কথা জানানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।