ঢাকা

গাজীপুরে বারিতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

গাজীপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এ উদযাপিত হয়েছে মহান বাংলাদেশের স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস।

 

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অব অনার প্রদান, দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। সকাল বেলায় বারির প্রধান কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমান। এ সময় আনসার সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।

 

অনুষ্ঠানে বারির বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধান, বিজ্ঞানী, কর্মকর্তা- কর্মচারী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন। এছাড়া বারি উচ্চ বিদ্যালয় ও আনন্দ শিশুকাননের শিক্ষক- শিক্ষার্থীরাও এতে অংশ নেন। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

দিবসের কর্মসূচির ধারাবাহিকতায় বাদ যোহর বারির কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি সন্ধ্যায় মন্দির ও গির্জায়ও দেশের কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

 

স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা।



সম্পর্কিত খবর