গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার দুপুরে বিশৃঙ্খলা থেকে বিরত থাকার লক্ষ্যে পৃথক স্থানে পথসভা ও মিছিল করেছে স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা।
উপজেলার কালিয়াকৈর বিএনপি’র কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য ও কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান।
এসময় কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য মেয়র মজিবুর রহমান বলেন, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব কিছু দিক-নির্দেশনা দিয়েছেন। তারা কোনো ভাংচুর, লুটপাট, অন্য কোনো দলের নেতাকর্মীদের ওপর অন্যায়-অত্যাচারসহ বিশৃঙ্খলা না করার নির্দেশ দিয়েছেন। যারা এসব অপরাধ করে তারা দলের কোনো লোক নয়। এরা দলের ভিতরে ঢুকে বিএনপির অর্জিত সুনাম নষ্ট করার চেষ্টা করছেন।
এসব অপরাধীদের প্রতিহত করার দায়িত্ব এখন আমাদের বিএনপি’র। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানানোর প্রত্যয় ব্যক্ত করে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সকল নেতা কর্মীদের প্রস্তুত হওয়ার আহব্বান জানান তিনি।
পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হারুন-অর রশিদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- পৌর বিএনপি’র সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন, সহ-সভাপতি সামসুল আলম সরকার ও হযরত আলী মিলন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান সেলি, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেনসহ আরো অনেকে। অপরদিকে একই দিনে কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবীর খানের নেতৃত্বে উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় পথসভা করেন বিএনপি।