এত দিন বাংলাদেশ নারী ফুটবল দলের নিয়মিত অধিনায়ক ছিলেন আফঈদা খন্দকার। কিন্তু ভারতের গোয়ায় সাফ চ্যাম্পিয়নশিপের আগে হঠাৎ নেতৃত্বে বদল এনেছেন প্রধান কোচ পিটার বাটলার।
আজ রবিবার (২৪ মে) গোয়ায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক হিসেবে উপস্থিত ছিলেন মিডফিল্ডার মারিয়া মান্দা। তাকেই অধিনায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছে।
বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ অধিনায়ক বদল প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘থাইল্যান্ডের উদ্দেশে বাংলাদেশ ছাড়ার আগে আফঈদা খন্দকার অধিনায়ক ছিলেন। সেখানে দুই সপ্তাহ অনুীশলন ও পারফরম্যান্সের পর কোচ মারিয়াকে অধিনায়ক হিসেবে ঠিক করেছেন।
কোচের সিদ্ধান্তেই এটা হয়েছে।’
আগামীকাল (২৫ মে) বিকেলে ভুটান-নেপাল ম্যাচ দিয়ে শুরু হবে সাফ নারী চ্যাম্পিয়নশিপের অষ্টম আসর। একই দিন সন্ধ্যায় মালদ্বীপের মুখোমুখি হবে স্বাগতিক ভারত।
গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ঈদের দিন ২৮ মে মালদ্বীপের বিপক্ষে।
গ্রুপের শেষ ম্যাচ ৩১ মে, প্রতিপক্ষ ভারত।
দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ৩ জুন সেমিফাইনাল খেলবে। ৬ জুন ফাইনাল।
২০২২ ও ২০২৪ সালে সর্বশেষ দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এবার তাদের সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ।