খেলাধুলা

গ্রিসে এমবাপ্পের ৪ গোলে রিয়ালের জয়

গ্রিসের অলিম্পিয়াকোসের মাঠে এক রোমাঞ্চকর ম্যাচে ৪-৩ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। আর এই জয়ের নায়ক ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, যিনি একাই করেছেন চার গোল।

 

ম্যাচের শুরুতে ফ্রান্সিসকো চিকিনহোর ২০ গজের দুর্দান্ত শটে অলিম্পিয়াকোস চমকপ্রদ লিড নেয়। তবে এরপরই শুরু হয় 'এমবাপ্পে শো'। মাত্র সাত মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি, যা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক। 

 

 

ভিনিসিয়ুস জুনিয়রের পাসে প্রথম গোল, এরপর আরদা গুলারের ক্রসে দুর্দান্ত হেড এবং সবশেষে কামাভিঙ্গার পাস থেকে অফসাইড ট্র্যাপ ভেঙে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে।

 

চোট ও অসুস্থতার কারণে মূল গোলরক্ষক ও পাঁচজন ডিফেন্ডারকে ছাড়াই মাঠে নামা রিয়াল মাদ্রিদ পুরো ম্যাচেই আধিপত্য দেখায়। তবে অলিম্পিয়াকোসও ছেড়ে কথা বলেনি। মেহদি তারেমির বুলেট হেড এবং আইয়ুব আল কাবির শেষ মুহূর্তের গোলে তারা ম্যাচে ফেরার চেষ্টা করে। কিন্তু ভিনিসিয়ুসের পাস থেকে এমবাপ্পে নিজের চতুর্থ গোলটি করলে রিয়ালের জয় নিশ্চিত হয়।

 

এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ জয়হীন থাকার খরা কাটাল রিয়াল। সেই সঙ্গে এথেন্সে নিজেদের ১০ম সফরে এসে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে জয়ের দেখা পেল তারা। বর্তমানে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

 

আর্সেনাল ৩ - ১ বায়ার্ন মিউনিখ

 

 

অন্যদিকে, নিজেদের মাঠে বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে আর্সেনাল। এই জয়ে ৫ ম্যাচের ৫টিতেই জয় পেল মিকেল আরতেতার শিষ্যরা।

 

ম্যাচের ২২তম মিনিটে বুকায়ো সাকার কর্নার থেকে জুরিয়েন টিম্বারের হেডে এগিয়ে যায় আর্সেনাল। চলতি মৌসুমে কর্নার থেকে এটি আর্সেনালের ১০ম গোল, যা ইউরোপের শীর্ষ পাঁচ লিগের যেকোনো দলের চেয়ে বেশি। তবে ১০ মিনিট পরেই বায়ার্ন সমতায় ফেরে। জিনাব্রির পাস থেকে বায়ার্নের হয়ে গোল করেন ১৭ বছর বয়সী লেনার্ট কার্ল। এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের জালে এটিই প্রথম গোল।

 

দ্বিতীয়ার্ধে আর্সেনাল আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। বদলি নামা রিকার্ডো ক্যালাফিওরির দুর্দান্ত ক্রসে গোল করে আর্সেনালকে ফের এগিয়ে দেন ননি মাদুয়েদকে। এটি আর্সেনালের জার্সিতে তার প্রথম গোল। ম্যাচের শেষদিকে এবেরেচি এজের পাস থেকে গোলকিপার ম্যানুয়েল নয়ারকে বোকা বানিয়ে আর্সেনালের জয় নিশ্চিত করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।

 

এই হারের মাধ্যমে চলতি মৌসুমে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ পেল বায়ার্ন মিউনিখ।

 



সম্পর্কিত খবর