নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পূর্ব সৈয়দনগর গ্রাম থেকে সুমন মিয়া (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় পূর্ব সৈয়দনগর গ্রামের শমসের ডাক্তারের বাড়ির পাশের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুমন মিয়া পুটিয়া ইউনিয়নের তেলিয়া গ্রামের ওবায়দুল হকের ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন। আগে থেকেই তাঁর খিঁচুনি রোগ ছিল বলে জানিয়েছেন স্বজনরা।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, পূর্ব সৈয়দনগর গ্রামের শমসের ডাক্তারের পাশে খোকা মিয়ার বাড়িতে মালামাল টানতেন রিকশাচালক সুমন মিয়া। শুক্রবার দুপুরে সুমন মিয়া রিকশা নিয়ে খোকা মিয়ার বাড়িতে এলে তাঁদের গবাদিপশুর জন্য পাশের জমি থেকে ঘাস কাটতে অনুরোধ করা হয়। এরপর তিনি প্লাস্টিকের বস্তা ও কাঁচি নিয়ে ঘাস কাটতে যান। কিন্তু ঘাস কেটে বাড়িতে না ফেরায় খোকা মিয়ার বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাতে শমসের ডাক্তারের বাড়ির পাশে বৃষ্টির পানিতে ডোবা একটি জমিতে তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল-মামুন রাত সাড়ে ১০টায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। ধারণা করা হচ্ছে, কোনো একসময়ে খিঁচুনি রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে সুমন মিয়ার মৃত্যু হয়েছে।
উপপরিদর্শক (এসআই) আল-মামুন জানান, পূর্ব সৈয়দনগর গ্রামের বৃষ্টির পানিতে ডোবা একটি পতিত জমি থেকে সুমন মিয়ার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।