নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের একটি সাব-স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাতীয় গ্রিডের ১৩২/৩৩ কেভির একটি ট্রান্সফরমার সম্পূর্ণভাবে পুড়ে যায়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে বিদ্যুৎকেন্দ্রে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হওয়ায় নরসিংদীর পলাশ ও কালীগঞ্জ উপজেলার বড় একটি অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। পরে প্রায় ৬ ঘণ্টা পর বিকল্প লাইন ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।
ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী এনামুল হক বলেন, “ভোর ৪টার দিকে জাতীয় গ্রিডের একটি ট্রান্সফরমারে আগুন লাগে। ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।”
এ ঘটনায় বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রমে বড় ধরনের প্রভাব না পড়লেও ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার মেরামতে সময় লাগবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।